ফ্ল্যাট থেকে তুলে এনে ব্যবসায়ীকে মারধর! বরাহনগরে তৃণমূল নেতার ‘দাদাগিরি’, পাঠানো হল নোটিস

বাংলা হান্ট ডেস্ক:বরানগরে (Baranagar) ব্যবসায়ীকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের শ্রমিক নেতা শংকর রাউতের (Shankar Routh) নির্দেশে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানা থেকে নোটিশ পাঠিয়ে তলব করা হলো এই তৃণমূল নেতাকে। এই কাণ্ডের মূল অভিযুক্ত অর্পণ দত্ত এখনও অধরা।
বরানগরে (Baranagar) ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা:
বরানগর থানার বাসিন্দা সুদীপ্ত ঘোষ, তৃণমূল নেতা শংকর রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার কথা অনুযায়ী বারাসাতের একটি ফ্ল্যাটে তিনি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছিলেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ফ্ল্যাটের অধিকাংশ কাজই শেষ হয়ে গেছিল কিন্তু তার প্রাপ্য টাকা মেটানো হয়নি।
বকেয়া টাকা পাওনা নিয়ে ফ্ল্যাট মালিক-এর সঙ্গে সুদীপ্তর ঝামেলা হয়েছিল আর এই ঘটনার মধ্যে ঢুকে পড়ে তৃণমূলের লেবার নেতা শংকর রাউত। সুদীপ্তর অভিযোগ অনুযায়ী, শনিবার দিন শংকর তার ৪ জন অনুগামীকে সুদীপ্তর বরানগরের ফ্ল্যাটে পাঠিয়েছিল। তারা ফ্ল্যাটে ঢুকে ফোনের স্পিকারে সুদীপ্তকে, শঙ্করের নির্দেশ শোনায়। কিন্তু শঙ্করের নির্দেশ অনুযায়ী সুদীপ্ত বাকিদের সাথে ক্লাবে যেতে রাজি হননি। এর পরেই নাকি শংকর ঘনিষ্ঠ ঐ চারজন তাকে মারধর করে এবং জোর করে তুলে নিয়ে, ক্লাবে নিয়ে যায়।
আরও পড়ুন:“আপনিও মমতার বাড়ির চালে ঢিল মেরেছেন”, আদর্শ নিয়ে ফিরহাদের খোঁচায় পাল্টা আক্রমণ সজলের
সুদীপ্ত আরও অভিযোগ জানিয়েছে তাকে মারধর করে এক লক্ষ টাকাও চাওয়া হয়েছে। এই মারধরের ভিডিও ফুটেজ ভাইরাল হতে চারিদিকে শোরগোল উঠেছে। সুদীপ্ত, শংকর সহ পাঁচ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সুদীপ্তের মতে এই ঘটনার মূল অভিযুক্ত শংকর ঘনিষ্ঠ অর্পণ দত্ত। তাকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে রাহুল যাদব ওরফে বগা, আয়ুষ কুন্ডু ওরফে গোপাল, অরিত্র দাস ওরফে দীপকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:বিশ্বমঞ্চে জয়জয়কার বাংলার ধানের! গোবিন্দভোগ-সহ ৩টি চালকে ‘হেরিটেজ’ স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ

মূল অভিযুক্ত অর্পণ দত্ত বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি এবং অভিযুক্ত তৃণমূল নেতা শংকর রাউতের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। বরানগর থানার পক্ষ থেকে শংকর রাউতকে নোটিশ পাঠানো হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিং বলেন, ‘ঘটনার তদন্ত চলছে, আইন মেনে শংকর রাউতকে নোটিশ পাঠানো হয়েছে’। অভিযোগ থাকলেও পুলিশ শংকর রাউতের ব্যাপারে কতটা কী ব্যবস্থা নেবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সকলেরই নজর প্রশাসনের পদক্ষেপ ও তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় তার উপর।



