বামনগাছি রেলব্রিজের কাজ শুরু, জট কাটল চাঁদমারি সেতুতেও

দীর্ঘদিন ধরে আটকে থাকা উত্তর হাওড়ার বামনগাছি রেলব্রিজ নির্মাণের কাজ অবশেষে শুরু হতে চলেছে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকের পর প্রকল্প সংক্রান্ত জটিলতা কেটে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সেই সিদ্ধান্তের পর রবিবার রাত থেকেই সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে।
শুধু বামনগাছি নয়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চাঁদমারি রেলব্রিজ প্রকল্পের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় শীঘ্রই ওই সেতুর কাজও শুরু হবে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
– বিজ্ঞাপন –
নির্মাণকাজের জন্য রবিবার থেকেই বামনগাছি ব্রিজে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে টোটো, রিকশা, মোটরবাইক-সহ অন্যান্য হালকা যানবাহন আপাতত চলাচল করতে পারবে। আগামী প্রায় দু’মাস ধরে ব্রিজের অ্যাপ্রোচ রোডের কাজ চলবে।
এরপর মূল সেতুর কাজের সময় প্রয়োজন হলে সাময়িকভাবে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করা হতে পারে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, নতুন বামনগাছি ব্রিজ চালু হওয়ার পর চাঁদমারি রেলব্রিজের অসমাপ্ত কাজও দ্রুত সম্পন্ন করা হবে। সেই কাজেও প্রায় দু’মাস সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
ফলে আগামী কয়েক মাস উত্তর হাওড়ার গুরুত্বপূর্ণ এই দুই রেলব্রিজ এলাকায় যান চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে হাওড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প রুটের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, “দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে এই দুই সেতুর কাজ আটকে ছিল। এখন দ্রুত কাজ সম্পন্ন করে উত্তর হাওড়ার মানুষকে আরও নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।”
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে বামনগাছি ও চাঁদমারি রেলব্রিজের কাজ আটকে থাকায় যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কাজ সম্পূর্ণ হলে উত্তর হাওড়া এবং সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং যানজটও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত সেতুগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।



