0%

বিশ্বকাপ দেখতে খরচ কত? সাবস্ক্রিপশন প্ল্যান জানিয়ে দিল জি

কোথায় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) দেখা যাবে, সেই সংশয় মিটেছে। চারটে চ্যানেল তৈরি করে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইমেন্ট এন্টারপ্রাইজ। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে ফিফার সঙ্গে তাদের চুক্তির কথা ঘোষণা করেছে জি। এবার প্রশ্ন হল, বিশ্বকাপ দেখতে কত টাকা খরচ হবে? এবার প্রকাশ্যে এল সেই প্ল্যানও।

১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় ছিল। তবে ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে জি চারটি নতুন খেলার চ্যানেল খুলতে চলেছে। এছাড়া ডিজিটাল প্লাটফর্মে ‘জি৫’-এ বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

তাতে খরচ পড়বে কত? টিভিতে ‘ইউনাইট৮ স্পোর্টস’-এ ম্যাচ দেখতে কত খরচ পড়বে, তা এখনও জানা যায়নি। তবে ‘জি৫’ অ্যাপে বিশ্বকাপের সাবস্ক্রিপশন প্ল্যান সামনে নিয়ে এসেছে জি। যার মূল্য ৩ মাসে ৭৯৯ টাকা। এতে বিশ্বকাপ, অন্যান্য খেলা-সহ অন্যান্য সমস্ত অনুষ্ঠানই দেখা যাবে। একটি অ্যাকাউন্ট তিনটি ডিভাইসে যুক্ত করা যাবে। তবে এতে বিজ্ঞাপন থাকবে। এছাড়া বার্ষিক একটি পরিকল্পনা আছে ‘জি৫’-র। যার খরচ ১৬৯৯ টাকা।

প্লে-স্টোরে গিয়ে ‘জি৫’ অ্যাপটি ইনস্টল করলে শুরুতেই বিশ্বকাপের সাবস্ক্রিপশন প্ল্যান আছে। সেখানে ক্লিক করলেই দেখা যাবে তিনরকম প্ল্যান। তার মধ্যে তিন মাসের প্ল্যানটিও রয়েছে। তবে অনেকের বক্তব্য, বিশ্বকাপ চলবে ৪০ দিন। তাহলে তিনমাসের প্ল্যান কেন নেওয়া হবে? বা শুধু বিশ্বকাপের জন্য কেন কোনও আলাদা প্ল্যান আনা হল না? ৭৯৯ টাকা বেশি বলেও অনেকে আপত্তি তুলছেন। জি প্ল্যান বদলাবে কি না এখনও জানা যায়নি। অন্যদিকে ‘ইউনাইট৮ স্পোর্টস’ চারটি চ্যানেলে ইংরেজি, হিন্দি, বাংলা ও মালয়ালম- এই চারটি ভাষায় বিশ্বকাপ দেখা যাবে।

ZEE reveals FIFA World Cup 2026 subscription plans
জি৫-এ বিশ্বকাপের সাবস্ক্রিপশন প্ল্যান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker