ব্যাঙ্ক অফ বরোদার বড় ঘোষণা: সস্তা হলো গাড়ি ঋণ, সুদের হার কমলো ৩০ বেসিস পয়েন্ট! – সবদিক

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে বড় সুখবর। ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) তাদের গাড়ি ঋণের (Car Loan) সুদের হার এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল। সোমবার ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি ঋণে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাঙ্ক অফ বরোদার ফ্লোটিং সুদের হার শুরু হচ্ছে বার্ষিক মাত্র ৭.৬০ শতাংশ থেকে, যা আগে ছিল ৭.৯০ শতাংশ।
ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা: শুধু সুদের হার কমানোই নয়, ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য ফ্লোটিং রেট গাড়ি ঋণে কোনও প্রিপেমেন্ট (Prepayment) বা পার্ট-পেমেন্ট চার্জ দিতে হবে না। এছাড়া ব্যাঙ্ক একটি আকর্ষণীয় ফিক্সড রেটও অফার করছে, যা শুরু হচ্ছে বার্ষিক ৮.৫০ শতাংশ থেকে।
কেন এই ঋণ সাশ্রয়কারী? ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুদের হার ‘ডেইলি রিডিউসিং ব্যালেন্স’ পদ্ধতিতে গণনা করা হবে। এর ফলে কিস্তির বোঝা অনেকটাই কমবে। পাশাপাশি, ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৮৪ মাস বা ৭ বছর পর্যন্ত সময় পাওয়া যাবে, যা গ্রাহকদের আর্থিক স্বস্তি দেবে।
– বিজ্ঞাপন –
ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় ভি মুদলিয়ার বলেন, “সুদের হার কমানোর ফলে ব্যাঙ্ক অফ বরোদা বর্তমানে বাজারের অন্যতম প্রতিযোগিতামূলক সংস্থা হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সহজ ঋণ পৌঁছে দেওয়া।”
কীভাবে আবেদন করবেন? নতুন গাড়ি কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে এবং সুদের হার গ্রাহকের ক্রেডিট প্রোফাইলের ওপর নির্ভর করবে। গ্রাহকরা ব্যাঙ্কের ওয়েবসাইট, ‘bob World’ অ্যাপ অথবা সরাসরি নিকটবর্তী যে কোনও শাখায় গিয়ে খুব সহজেই ডিজিটাল মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারেন।
একনজরে ব্যাংক অফ বরোদা কার লোন:
| বৈশিষ্ট্য | বিবরণ |
| ফ্লোটিং সুদের হার | বার্ষিক ৭.৬০% থেকে শুরু |
| ফিক্সড সুদের হার | বার্ষিক ৮.৫০% থেকে শুরু |
| প্রিপেমেন্ট চার্জ | নেই (ব্যক্তিগত ফ্লোটিং লোনের ক্ষেত্রে) |
| পরিশোধের সময়সীমা | সর্বোচ্চ ৮৪ মাস |
| গণনা পদ্ধতি | ডেইলি রিডিউসিং ব্যালেন্স |



