ভারতীয় পণ্যে শুল্ক কমানো নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, কী বললেন?

ওয়াশিংটন ও নয়াদিল্লি: অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন ট্রাম্প। আর এই বাণিজ্যচুক্তির ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হচ্ছে। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছে ভারত। আমেরিকা থেকে ভারত ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এনার্জি ও প্রযুক্তি কিনবে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মোদী ও ট্রাম্পের কথা নিয়ে এখনও ভারতের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘সবার প্রথমে দেশের স্বার্থ’। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আমেরিকা। ভারত নিজের অবস্থানে অনড় থাকায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। তাতেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত। দেশবাসীকে ভারতীয় পণ্য ব্যবহার বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী।



