0%

রানাঘাট পুরসভা হাতছাড়া তৃণমূলের! চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ১৩ কাউন্সিলরের পদত্যাগ

সবদিক নিউজ: ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার হাতছাড়া হল রানাঘাট পুরসভা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলর পদত্যাগ করায় নির্বাচিত পুরবোর্ড কার্যত অচল হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে রানাঘাট পুরসভার প্রশাসনিক দায়িত্বভার নিলেন রানাঘাটের মহকুমাশাসক। মঙ্গলবার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মহকুমাশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, নাগরিক পরিষেবা কোনওভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের অভিযোগ শোনা, দ্রুত সমস্যা সমাধান এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখাই হবে অগ্রাধিকার।

তিনি আরও জানান, বাড়ির নকশা অনুমোদন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ, সরকারি নিয়ম ভেঙে গড়ে ওঠা বহুতল নির্মাণে নজরদারি, রাস্তা, নিকাশি, পানীয় জল, বর্জ্য অপসারণ, যান চলাচল-সহ পুর এলাকার সমস্ত পরিষেবা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। তারপর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূলের একাধিক কাউন্সিলরের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই একাধিক পুরবোর্ড ভেঙে পড়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই ধারাবাহিকতারই প্রভাব এবার পড়ল রানাঘাট পুরসভাতেও।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলরের ইস্তফার জেরে রানাঘাট পুরসভার নির্বাচিত বোর্ড কার্যত ভেঙে যায়। পুরসভা সূত্রে দাবি, নাগরিক পরিষেবা যাতে বন্ধ না হয়ে যায়, সেই কারণেই দ্রুত প্রশাসনিক দায়িত্ব মহকুমাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। আপাতত প্রশাসকের অধীনেই চলবে রানাঘাট পুরসভার সমস্ত প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ। নতুন নির্বাচিত বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker