লুট করে নিয়ে গিয়েছিল ইংরেজরা, লন্ডনে নিলামে উঠছে তাজমহলের বিশেষ সেই মার্বেল পাথর

আগ্রার তাজমহল থেকে লুট করে নিয়ে গিয়েছিল ইংরেজরা। ২০০ বছরের পুরনো দুর্লভ ফুলের নকশা করা বিশেষ মার্বেল স্ল্যাব এবার নিলামে উঠতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর লন্ডনে নিলামে উঠবে এই মার্বেল। নিলাম সংস্থা ‘Lyon & Turnbull’-এর অনুমান, দুর্লভ এই পাথরের দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৪ থেকে ৩৬ লক্ষ টাকা।
ইতিহাস বলছে, ১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস তাজমহলের এই মার্বেল পাথরটি সংগ্রহ করেন। সেই সময় আগ্রা ও তার আশপাশের ভবন মেরামতির সুপারিন্টেন্ডেন্টের দায়িত্বে ছিলেন। ফিপসের ছেলের দাবি অনুযায়ী, তাজমহলের নিচে ভূগর্ভস্থ ঘর থেকে দুটি মার্বেল স্ল্যাব পাওয়া যায়। এরই একটি নিলামে উঠবে। গত ২০০ বছর ধরে এই পাথর ওই পরিবারের কাছেই ছিল। জানা যাচ্ছে, সাদা এই মার্বেল পাথরের উপর রয়েছে সুক্ষ কাজে ফুলের বর্ডার। মাঝখানে রয়েছে লতানো ফুলের বর্ডার। পাথরের উপর বসানো আছে অ্যাগেট, জ্যাসপার, চালসেডনি-র মতো মূল্যবান পাথর। যা বিখ্যাত পিয়েত্রা দুরা ও পার্চিন কারী শিল্প।
১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস তাজমহলের এই মার্বেল পাথরটি সংগ্রহ করেন।
নিলাম সংস্থার দাবি অনুযায়ী, এই পাথরের স্ল্যাবের ফুলের বর্ডারের নকশা তাজমহলের ভিতরে শাহজাহানের সমাধি (সেনোটাফ)-এর উপরের অংশের বর্ডারের সঙ্গে হুবহু মিলে যায়। শাহজাহানের মৃত্যুর পর ১৬৬৬ সালে ওই সমাধি খোদাই করা হয়েছিল। মাঝের নকশাটাও একই সমাধির বাঁদিকের নকশার মতো, শুধু একটু বেশি কারুকাজ আর একটি অতিরিক্ত ফুল আছে। পাথরটি ৫৫.৮ সেমি লম্বা, ৪৫.২ সেমি চওড়া এবং ৩ সেমি পুরু। নিলামে মূল্যবান এই পাথর যিনি কিনবেন তার সঙ্গে পাবেন তাজমহলের একটি পুরনো সাদা-কালো ছবি, কর্নেল ফিপসের নাতির লেখা একটি চিঠি এবং মার্কুইস অফ বাথ-এর হাতে লেখা একটি চিঠি।
শেয়ার
লিংক



