0%

‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের

বৈভবকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে ১৫ বছরের কিশোরের সঙ্গে যাবেন তার মা-বাবাও। বৈভবের অভিভাবকদের পুরো খরচ বহন করবে বিসিসিআই। সাধারণত, কোনও ক্রিকেটারের অভিভাবককে বোর্ড নিজেদের খরচে বিদেশ সফরে পাঠায় না। কিন্তু বৈভবের বয়সের কথা ভেবে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাস গড়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে জাতীয় দলে ডাক পেয়েছে বৈভব সূর্যবংশী। একটা-দুটো ম্যাচের জন্য নয়। পরপর তিনটি সিরিজের জন্য বৈভবকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। আসলে নির্বাচকরা বৈভবের মধ্যে ভবিষ্যৎ দেখছেন। কিন্তু মাত্র ১৫ বছর বয়সের কিশোরকে টানা দু’মাস জাতীয় দলের শিবিরে রাখা নিয়ে একাধিক আশঙ্কার জায়গাও রয়েছে।

বৈভব আইপিএলে দুর্দান্ত খেলেছে। আসলে পনেরোর ওই কিশোর খেলাটাকে খেলে খেলাচ্ছলেই। বল দেখো আর মার মারো। এই নীতিতে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া যাবেই নিশ্চিত নয়। তাছাড়া বৈভব ছাড়াও দলে আরও জনা দু’য়েক সিনিয়র ওপেনার রয়েছেন। ফলে বৈভব শুরুর ম্যাচগুলিতে প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারে। পরপর সুযোগ না পেলে কিশোর মনে হতাশার উদ্রেক হওয়া স্বাভাবিক। সব মিলিয়ে জাতীয় দলের পরিবেশে মানিয়ে নিতে বৈভবের অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব ভেবেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মা-বাবাকে বৈভবের সঙ্গে বিদেশ সফরে পাঠানো হবে।

বিসিসিআই সূত্রের খবর, বেনজিরভাবে কিশোর ব্যাটারের পরিবারের সব খরচ বহন করবে ভারতীয় বোর্ড। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “ও যেহেতু এখনও বাচ্চা, আমরা ঠিক করেছি ওর বাবা-মা’কেও বিদেশে ওর সঙ্গে যাওয়ার অনুমতি দেব। যাতে তাঁরা বৈভবকে ড্রেসিং রুম এবং বিদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।” বোর্ডের এই সিদ্ধান্ত বহুল প্রশংসিত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker