মৎস্যজীবীর ছদ্মবেশে আমিরশাহীর জাহাজ ছিনতাই! ইয়েমেন উপকূলে তাণ্ডব সোমালি জলদস্যুর

আরব সাগর থেকে জাহাজ ছিনতাই সোমালিয়ার জলদস্যুদের। ইয়েমেন উপকূলে সংযুক্ত আরব আমিরশাহীর একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, মৎস্যজীবীদের ছদ্মবেশে ইয়েমেনে থাকা সোমালি শরণার্থীদের সঙ্গে মিশে ছিনতাই করা হয় জাহাজটি।
জানা গিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভার্গো। আমিরশাহীর মার্সা ওশান শিপিং সংস্থার মালিকানাধীন জাহাজটি পানামার পতাকা নিয়ে ওমান থেকে জিবুতির দিকে যাচ্ছিল। ব্রিটিশ মেরিটাইম সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাহাজটিতে হামলা চালানো হয়। সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, ৬ জন সশস্ত্র জলদস্যু মাছ ধরার নৌকায় করে পুন্টল্যান্ড থেকে এডেন উপসাগর পেরিয়ে ইয়েমেনে পৌঁছায়। সেখানে দক্ষিণ ইয়েমেনে বসবাসকারী সোমালি শরণার্থীদের মধ্যে মিশে যায় তারা। এরপর জেলের ছদ্মবেশে জাহাজে উঠে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
৬ জন সশস্ত্র জলদস্যু মাছ ধরার নৌকায় করে পুন্টল্যান্ড থেকে এডেন উপসাগর পেরিয়ে ইয়েমেনে পৌঁছায়। সেখানে দক্ষিণ ইয়েমেনে বসবাসকারী সোমালি শরণার্থীদের মধ্যে মিশে যায় তারা। এরপর জেলের ছদ্মবেশে জাহাজে উঠে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
জানা যাচ্ছে, জাহাজটিতে থাকা ১৯ জন নাবিক ছিলেন। হামলার সময় সবাই সেফ রুমে নিজেদের আটকে রাখেন। জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে আধিকারিকদের তরফে। উল্লেখ্য, এই প্রথমবার সোমালি জলদস্যুরা ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা চালাল। পরে ইউকেএমটিও জানিয়েছে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে গিয়েছে এবং ক্রু-রা সকলে নিরাপদে আছেন। তবে কত অর্থের বিনিময়ে দস্যুদের সঙ্গে আপস করা হয়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে, হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নতুন করে বাড়বাড়ন্ত শুরু হয়েছে জলদস্যুর। গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।
শেয়ার
লিংক



