বাংলাদেশের মাটি এনে দেন জয় আহসান! দুই বাংলার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে খোলামেলা মত প্রকাশ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরবর্তী আবহ এবং কূটনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা, তখন আশাবাদী সুরেই কথা বললেন তিনি।
জয়া আহসানের বিশ্বাস, বর্তমানের এই টানাপড়েন দীর্ঘস্থায়ী হবে না। তাঁর কথায়, এই মুহূর্তে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এই উত্তেজনা প্রশমিত হবে বলেই তিনি মনে করেন। শুধু ভারত–বাংলাদেশ নয়, গোটা বিশ্বই এখন নানা কারণে অস্থির, সেই প্রেক্ষিতেও তিনি বিষয়টিকে দেখার কথা বলেন।
দুই বাংলার আবেগের যোগসূত্রের কথাও বিশেষভাবে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর মতে, বাঙালিরা অত্যন্ত আবেগপ্রবণ জাতি, আর সেই আবেগই দুই বাংলাকে অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে ভারতীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের স্বাগত জানান, ভালোবাসায় ভরিয়ে দেন, আন্তরিক আপ্যায়নে মুগ্ধ করেন তা সত্যিই অনন্য। একইভাবে ভারতেও বহু মানুষের শিকড় যে বাংলাদেশে প্রোথিত, সে কথাও তিনি উল্লেখ করেন।
কাঁটাতারের বিভাজন যে কেবল ভৌগোলিক, মানসিক বা সাংস্কৃতিক নয়, সেই কথাই স্মরণ করিয়ে দেন জয়া। তাঁর ভাষায়, “আমাদের মূল্যবোধ, আমাদের শিকড় একই।” তাঁর কথায়, ‘একজন ইকড়ি বিকড়ি খেলেছে বলে আমরা আলাদা হয়ে গেছি।’ ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শোনান তিনি, বাংলাদেশের মাটি এনে ভারতের অনেক মানুষের হাতে তুলে দিয়েছেন, আর তাঁরা সেই মাটিকে পূজনীয় স্মারক হিসেবে আগলে রেখেছেন।
আরও পড়ুন: ‘স্বার্থপর হওয়াটা আমি শহরে এসে শিখেছি’, শহুরে জীবনের মানসিকতা নিয়ে অকপট মিমি
কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন শিল্প–সংস্কৃতির আদানপ্রদানকে থামাতে পারেনি বলেও জানান অভিনেত্রী। তাঁর ছবি কখনোই আটকে থাকেনি, এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাস্তবের চেয়ে সোশ্যাল মিডিয়াতেই অনেক সময় উত্তেজনা বেশি দেখা যায়। অল্প কয়েকজনই কাদা ছোঁড়াছুঁড়ি করেন এবং উসকানি দেন, কিন্তু তাতে সামগ্রিক সম্পর্কের প্রতিফলন ঘটে না।
শিল্পীসত্তার জায়গা থেকে জয়ার অবস্থান আরও বিস্তৃত। তিনি স্পষ্ট বলেন, ছবি আটকে গেলেও তিনি তা মাথা পেতে নেবেন, কারণ শিল্পীরা সীমানার জন্য নয় সমগ্র বিশ্বের দর্শকের জন্য কাজ করেন। তাঁর কাজও সব বাঙালির জন্য, এবং ভবিষ্যতেও তিনি সেই দায়বদ্ধতা নিয়েই এগোতে চান।
আরও পড়ুন: ‘ভালোবাসা মানে স্বীকৃতি’, ভ্যালেন্টাইনস উইকে মন জিতল জিতুর মন্তব্য
উল্লেখ্য, সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ওসিডি’ (OCD) গত ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকমহলে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।



