0%

বিদেশ ঘুরতে গেলেই কি গুনতে হবে অতিরিক্ত ট্যাক্স? জল্পনা উড়িয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

সবদিক নিউজ: বিদেশ সফরের উপর নতুন কর বা অতিরিক্ত সেস বসানো হতে পারে— এমন জল্পনায় যখন দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, তখন সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, বিদেশ ভ্রমণে কোনও ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত কর চাপানোর প্রশ্নই ওঠে না।

সম্প্রতি জ্বালানি সাশ্রয় এবং বিদেশি মুদ্রা ভাণ্ডার শক্তিশালী করতে দেশবাসীর কাছে একাধিক আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আবহেই একটি সংবাদমাধ্যম দাবি করে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে এবং আমদানির খরচ সামলাতে কেন্দ্র বিদেশ সফরের উপর সেস বসানোর কথা ভাবছে। এমনকি সরকারের শীর্ষস্তরে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়। খবরটি সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করে। বিশেষ করে বিদেশে যাতায়াতকারী ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং পর্যটকদের মধ্যে জোর জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করতে শুরু করেন, বিদেশ সফর আরও ব্যয়বহুল হতে চলেছে।

সাধারণত এই ধরনের ভুয়ো খবরের সত্যতা যাচাই করে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তবে এবার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনৈতিক নীতির সঙ্গে জড়িয়ে থাকায় খোদ প্রধানমন্ত্রী নিজেই সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খোলেন। মোদি স্পষ্ট ভাষায় লেখেন, ‘এই তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে একবিন্দুও সত্যতা নেই।’ প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা এবং দেশে ব্যবসার পরিবেশ উন্নত করাই সরকারের অগ্রাধিকার। তাই বিদেশ সফরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলেই তিনি জানিয়ে দেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাদের প্রতিবেদন সরিয়ে নেয়। শুধু তাই নয়, আলাদা করে দুঃখপ্রকাশও করা হয় তাদের তরফে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। বিরোধীদের একাংশ সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের নেতারা বলছেন, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীও সরব হয়ে বলেন, প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করার জন্য কিছু মানুষ পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রধানমন্ত্রী নিজে প্রকাশ্যে এসে কোনও খবরের সত্যতা খণ্ডন করলেন— এমন ঘটনা অত্যন্ত বিরল। তাঁদের মতে, ভুয়ো খবরের বিরুদ্ধে সরকারের অবস্থান কতটা কড়া, এই ঘটনাই তার স্পষ্ট বার্তা দিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker