0%

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বদল! দিঘার জগন্নাথ ‘ধাম’ এখন ‘সাংস্কৃতিক কেন্দ্র’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল দিঘার জগন্নাথ মন্দির চত্বরের পরিচিতি। ‘জগন্নাথ ধাম’ নাম সরিয়ে সেখানে বসানো হল ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ লেখা নতুন ফ্লেক্স। বুধবার সকালেই মন্দির প্রাঙ্গণে এই পরিবর্তন কার্যকর করা হয়।

দিঘার জগন্নাথ মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ বলে অভিহিত করা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। সরকারি নথিতে এই প্রকল্পের নাম ছিল ‘কালচারাল সেন্টার’। কিন্তু মন্দির নির্মাণের পর ‘ধাম’ শব্দটি ব্যবহার শুরু হয়। বিরোধী দলনেতা থাকাকালীনই এই নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী।

– বিজ্ঞাপন –

রাজ্যে সরকার পরিবর্তনের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি নথিতে যে নাম রয়েছে, সেই নামেই পরিচিত হবে দিঘার এই কমপ্লেক্স। তিনি ঘোষণা করেন, ‘ধাম’ নয়, গোটা কমপ্লেক্সটির নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। আর যেখানে নিয়মিত পুজো-অর্চনা হয়, সেই অংশটি পরিচিত হবে জগন্নাথ মন্দির নামে।

ঘোষণার পরের দিনই মন্দির চত্বরে নতুন ফ্লেক্স বসানো হয়। মূল প্রবেশদ্বারের বাইরে থাকা ‘জগন্নাথ ধাম’ লেখা বোর্ডও সরিয়ে ফেলা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং কলকাতা ইসকনের সভাপতি রাধারমণ দাস-সহ অন্যান্যরা।

চন্দ্রশেখর মণ্ডল বলেন, “আমরা পরিবর্তন করতে চাই না, সংশোধন করতে চাই। আগের সরকারের প্রকল্প আমাদের সরকার বাতিল করেনি। তবে বিতর্ক এড়াতে এবং প্রশাসনিক নিয়ম মেনে ‘ধাম’ শব্দটি সরিয়ে ‘দিঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র’ নাম রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “সনাতনী ভাবধারা মাথায় রেখে আগামী দিনে সব কাজ হবে। রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন, “রাজনৈতিক বিতর্ক ভুলে আমরা সবাই জগন্নাথদেবের ভক্ত। পুরী হোক বা দিঘা, ভক্তদের কাছে প্রভু জগন্নাথই মুখ্য।”

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ওড়িশা সরকারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল। সরকার পরিবর্তনের পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এ বিষয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠান। পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র সেই চিঠি নিয়ে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন।

পরবর্তীতে সম্বিতকে পাশে নিয়ে শুভেন্দু ঘোষণা করেন, দিঘার মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হবে। সেই সিদ্ধান্তই এবার বাস্তবে কার্যকর হল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker