মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, বাংলায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে শিল্পের প্রসার, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলার শিল্পোন্নয়নে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সরকার-শিল্পের মধ্যে ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো, ঐতিহ্য এবং উদ্যোক্তা-মনোভাবকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও মতবিনিময় হয়েছে।
– বিজ্ঞাপন –
আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর বক্তব্য অনুযায়ী, গোয়েঙ্কা পরিবারের সঙ্গে বাংলার সম্পর্ক দুই শতাব্দীরও বেশি পুরনো। বিভিন্ন সময়ে তারা রাজ্যে বিনিয়োগ, শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখেছে।
বৈঠক প্রসঙ্গে ড. সঞ্জীব গোয়েঙ্কা বলেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং রাজ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলার উন্নয়নের যাত্রায় ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তিনি।



