Mahua Moitra Slams ₹1,457 Fee After Failed Order

সবদিক নিউজ: খাবার অর্ডার করেও তা হাতে পাননি। উল্টে অর্ডার বাতিল হওয়ায় কেটে নেওয়া হয়েছে পুরো বিলের টাকা। এই ঘটনায় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, একই ধরনের অভিজ্ঞতা এই নিয়ে টানা তৃতীয়বার হল। দিল্লির একটি জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন তৃণমূল সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে অর্ডারের স্ক্রিনশট শেয়ার করে সুইগিকে ট্যাগ করেন তিনি। মহুয়ার অভিযোগ, কোনও কারণ না জানিয়েই তাঁর অর্ডার বাতিল করা হয়। অথচ ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে পুরো বিলের ১ হাজার ৪৫৭ টাকা কেটে নেওয়া হয়েছে (Mahua Moitra)।
আরও পড়ুন:- ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে নয়: আমির খান
মহুয়া লেখেন, “এই নিয়ে তৃতীয়বার কোনও কারণ ছাড়াই আমার অর্ডার বাতিল করা হল। অথচ ক্যানসেলেশন ফি হিসেবে পুরো ১ হাজার ৪৫৭ টাকা কেটে নেওয়া হয়েছে। এত রাতে খাবারও পেলাম না, আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনও সাহায্য পাওয়া গেল না।” সাংসদের পোস্ট প্রকাশ্যে আসতেই সুইগির পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু নেটিজেন। অনেকেই নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে সংস্থার অর্ডার বাতিলের নীতি, টাকা ফেরতের ব্যবস্থা এবং গ্রাহক পরিষেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে (Mahua Moitra)।
AK Bangla Facebook Page:-https://www.facebook.com/AKBanglaDigitalofficial
মহুয়ার পোস্টের জবাবও দিয়েছে সুইগি। সংস্থার তরফে জানানো হয়, এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। বিষয়টি নিয়ে সাংসদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অর্ডার বাতিল হওয়ার কারণ এবং সংশ্লিষ্ট চার্জ খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, সুইগির পরিষেবা নিয়ে এর আগেও দু’বার ক্ষোভ প্রকাশ করেছিলেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পরপর তিনবার খাবার না পাওয়া সত্ত্বেও তাঁকে ক্যানসেলেশন চার্জ দিতে হয়েছে। ফলে সংস্থার পরিষেবা ও গ্রাহক-সুরক্ষা নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে (Mahua Moitra)।



