0%

Education Ministry: গভীর রাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, শিক্ষা মন্ত্রক থেকে সরানো হল সচিব বিনীত যোশীকে

নয়া দিল্লি: নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব (Education Secretary) হলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

২০২৫-এর জানুয়ারিতে উচ্চশিক্ষা দফতরের সচিব পদে দায়িত্ব নেন বিনীত যোশী। তাঁকে শিক্ষা দফতর থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। অন্যদিকে, স্কুলশিক্ষা দফতরের সচিব হলেন টি কে অনিল কুমার। গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি।

১৯৯২ ব্যাচের অফিসার বিনীত যোশী এর আগে মণিপুরের মুখ্যসচিব ছিলেন। পরীক্ষা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র প্রথম ডিরেক্টর জেনারেলও ছিলেন তিনি। কানপুর আইআইটি-র ছাত্র বিনীত যোশী একসময় সিপিএসই-র সচিব পদ সামলেছেন, সামলেছেন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিবের পদও।

অন্যদিকে, যাঁকে নয়া সচিব করা হল, সেই নরেশ গাঙ্গোয়ার ১৯৯৪ ব্যাচের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার। মৎস্য মন্ত্রকের অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিভাগের সচিব পদে ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের সচিব ছিলেন। ২০২০ সালে প্রথম কেন্দ্রে সচিব পদে দায়িত্ব পান। পরিবেশ মন্ত্রকের যুগ্ম সচিব ছিলেন তিনি।

নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে গত কয়েকদিন ধরে তুমুল বিক্ষোভের ছবি দেখা গিয়েছে রাজধানীতে। বিক্ষোভে সামিল হন বিরোধী দলের সাংসদরাও। এই পরিস্থিতির মাঝেই কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আরও কড়া পদক্ষেপ করা হবে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরেই শিক্ষা সচিবকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা প্রশ্ন ফাঁসের ঘটনায় যুক্ত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে পেপার লিক কাণ্ডের শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টও গঠন করা হয়েছে রাতেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker