অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণের জেরে অস্বস্তিতে রাহুল! স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের আর্জি বিজেপির

AK Bangla Desk: প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে লোকসভায় আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে নতুন বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মন্তব্য সংসদীয় শালীনতার সীমা ছাড়িয়েছে—এই অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। অনুরাগের দাবি, লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ সম্পর্কে ব্যক্তিগত, আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন রাহুল। সংসদের কার্যপ্রণালীর ৩৫২ নম্বর নিয়ম অনুযায়ী, কোনও সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তোলার আগে তাঁকে সেই বিষয়ে আগাম জানানো প্রয়োজন। কিন্তু রাহুল কোনও নোটিস না দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ বিজেপির।
অনুরাগ ঠাকুরের বক্তব্য, আগাম তথ্য না থাকায় অমিত শাহ আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি। তাই রাহুলের বিরুদ্ধে দেওয়া স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ করে প্রয়োজন হলে তা সংসদের প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রের আনা প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিলের আলোচনায় অংশ নিয়ে অমিত শাহকে তীব্র ভাষায় নিশানা করেছিলেন রাহুল গান্ধী। আন্দোলনরত পড়ুয়াদের উপর গুলি চালানোর অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অবগত ছিলেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। রাহুলের বক্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা সম্পর্কে জানলে তাঁকে তার দায় নিতে হবে। আর যদি না জেনে থাকেন, তবে ধরে নিতে হবে নিজের মন্ত্রকের উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। অমিত শাহের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, “তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হল না লোকসভায় এসে বসার।”
বিরোধী দলনেতা আরও দাবি করেন, আন্দোলনকারীরা সরকারের ‘অন্ধ ভক্ত’ হতে চাননি বলেই তাঁদের দমন করা হয়েছে। পরিবার ও অভিভাবকদের আশঙ্কা সত্ত্বেও ছাত্রছাত্রীরা বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে পথে নেমেছেন বলেও মন্তব্য করেন তিনি। রাহুলের বক্তব্যের তাৎক্ষণিক কোনও পালটা প্রতিক্রিয়া অমিত শাহের তরফে দেখা না গেলেও বিজেপির অন্য নেতারা সরব হন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অনুরাগ ঠাকুর বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। অনুরাগের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতা সংসদীয় আচরণের সীমা লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।



