East Bengal: ডার্বি হার অতীত, অসহায় প্রটেক্টর্সদের গোলের সুনামিতে ভাসিয়ে দিলো ইস্টবেঙ্গল! মরশুমের দ্বিতীয় হ্যাটট্রিক বিষ্ণুর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডার্বি হারের স্মৃতি ভুলিয়ে কলকাতা লিগে আগেই জয় পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার ডুরান্ড কাপের (Durand Cup 2026) ম্যাচেও স্বমহিমায় ফিরলো লাল হলুদ ব্রিগেড। পিভি বিষ্ণুর (PV Vishnu) হ্যাটট্রিক, জেসিন টিকে জোড়া গোলে ভর করে সিআইএসএফ প্রটেক্টর্স-কে ৮-০ গোলে হারালো আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল।
সামনে পড়ে রয়েছে লম্বা মরশুম। ডুরান্ড কাপকে মূলত একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই দেখছে লাল-হলুদ শিবির। মোহনবাগানের বিরুদ্ধে হারের পর পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। কারণ ছয়টি গ্রূপের মধ্যে থেকে কেবলমাত্র দুটি গ্রূপের সেরা দ্বিতীয় দল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছবে।
প্রটেক্টর্সদের বিরুদ্ধে গোলের সুনামি আনিয়ে নিজেদের গোলপার্থক্যে ভালো জায়গায় নিয়ে রেখে ইস্টবেঙ্গল প্রমাণ করলো যে তারা এখনই নক-আউটের আশা ছাড়ছে না। এই মুহূর্তে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রূপের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু এক ম্যাচ কম খেলা তারকাখচিত মোহনবাগান যে বাকি দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করবে না, তা একপ্রকার নিশ্চিত। তাই ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য হলো পরের ম্যাচে সাউথ ইউনাইটেডকে হারিয়ে নিজেদের গোলপার্থক্য আরও ভালো করা।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
এদিন ম্যাচের প্রথমার্ধের ৩৬ তম মিনিটে পিভি বিষ্ণু গোল করতেই প্রতিপক্ষের রক্ষণে ধ্বস নামে। তারপর মাত্র ৯ মিনিটের মধ্যে আরও দুটি গোল পায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বিষ্ণু। তারমধ্যে একটি ছিল বিশ্বমানের বাইসাইকেল কিক। এদিন জোড়া গোল করেন ম্যাচের শুরু থেকে মাঠে নামা জেসিন টিকে-ও। গোল ছাড়াও সামগ্রিকভাবে তার খেলা ভরসা দিচ্ছে সমর্থকদের। এছাড়া বাকি গোলগুলি আসে জিকশন সিং ও বিপিন সিং-এর পা থেকে। এছাড়া একটি আত্মঘাতী গোলও হয়।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের হারের পর ফের বিতর্কে মেসিরা! আর্জেন্টিনার ৩ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু FIFA-র
কলকাতা লিগের পর ডুরান্ড কাপের ম্যাচেও হ্যাটট্রিক করলেন পিভি বিষ্ণু। ডার্বি হারের স্মৃতি ভুলিয়ে ডুরান্ড জয়ই যে এখন মূল লক্ষ্য সেই কথা জানিয়ে দিয়েছেন ফুটবলার নিজে এবং দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। দলের খেলা দেখে এদিন সাইডলাইনের ধারে প্রসন্ন মেজাজে দেখা গিয়েছে লাল-হলুদ কোচকে। তবে দলের এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।




