0%

সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?

আইপিএলের মিনি নিলামের এখনও মাস দুয়েক বাকি। এখনও রিটেনশন তালিকা জানায়নি কোনও দল। তার আগে বিরাট চমক! সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন অভিষেক শর্মা। বিশ্বের দু’নম্বর টি-টোয়েন্টি ব্যাটার প্রায় ৭ বছর অরেঞ্জ আর্মির হয়ে অসংখ্য বিধ্বংসী ইনিংস খেলেছেন। কিন্তু তিনি নাকি সানরাইজার্সে ‘অখুশি।’ এবার প্রশ্ন হল, দলবদলের বাজারে অভিষেককে কিনতে ঝাঁপাবে কোন দলগুলো?

এই মুহূর্তে সানরাইজার্স দলের অধিনায়ক প্যাট কামিন্স। তবে গতবার কামিন্সের অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচ নেতৃত্ব দেন ঈশান কিষান। আগামী বছরও একই ঘটনা ঘটতে পারে। সেটা আবার খুব একটা পছন্দ নয় অভিষেকের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দল ছাড়তে পারেন ভারতের বাঁহাতি ওপেনার। জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মতো দল ইতিমধ্যে অভিষেকের সঙ্গে যোগাযোগ করেছে।

ওই সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছেন, “অভিষেক যে সানরাইজার্সে খুশি নয়, সেটা আর গোপন করার মতো নয়। তিনি দীর্ঘদিন সানরাইজার্সে আছেন, স্বাভাবিকভাবেই অধিনায়ক হওয়ার বাসনা আছে। আপাতত মুম্বই, গুজরাট, পাঞ্জাব- এই তিনটে দল অভিষেককে নেওয়ার লড়াইয়ে এগিয়ে আছে। তবে দিল্লি ক্যাপিটালসকেও তালিকা থেকে বাদ দেওয়া যায় না। কারণ অভিষেকের গুরু যুবরাজ সিং দিল্লির কোচিং দলে আছেন।”

ওই সূত্র আরও জানিয়েছে, “কিন্তু অধিনায়ক হওয়ার সম্ভাবনা খুব কম দলেই আছে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস লড়াই করতে পারে। বাকি দলগুলোতে কিন্তু সেই সুযোগ নেই। শেষ পর্যন্ত যদি সানরাইজার্স ও অভিষেক আলাদা হয়ে যায়, তাহলে কোথায় যাবে? তাছাড়া সেক্ষেত্রে সানরাইজার্স কীভাবে বেচবে? সরাসরি টাকা নেবে? নাকি প্লেয়ার ট্রেড করাবে? অনেক প্রশ্ন আছে।” যদিও সানরাইজার্স কর্তৃপক্ষ এসব খবর উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, হায়দরাবাদের হয়ে অভিশজেক ২৩১৬ রান করেছেন। সর্বোচ্চ ১৪১।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker