0%

Aamir Khan: ১৭ বছর পর ফিরছে ‘৩ ইডিয়টস’! পার্ট ২-তে থাকছেন কারা? বড় আপডেট দিলেন হিরানি

আমির খান, আর মাধবন, শরমন জোশী, করিনা কাপুর খান এবং বোমান ইরানির মতো তারকাখচিত ‘৩ ইডিয়টস’ (3 Idiots) সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্লকবাস্টার। রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এবার টিনসেল টাউনের সবচেয়ে বড় খবর— দীর্ঘ ১৭ বছর পর এই কালজয়ী সিনেমার সিক্যুয়েল বা দ্বিতীয় পার্ট নিয়ে আসছেন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির গল্প এবং বর্তমান অগ্রগতি নিয়ে তথ্য শেয়ার করেছেন রাজকুমার হিরানি।

বড় পর্দার পাশাপাশি এবার ওটিটি (OTT) দুনিয়াতেও পা রাখছেন পরিচালক। তাঁর প্রযোজনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘প্রীতম পেড্রো’। এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে অভিষেক হচ্ছে হিরানির ছেলে বীর হিরানির। সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি। এই ওয়েব সিরিজের প্রচারের মাঝেই ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে একগুচ্ছ বড় আপডেট দেন তিনি।

সাক্ষাৎকারে হিরানিকে প্রশ্ন করা হয়েছিল, ছবির দ্বিতীয় ভাগে কি আগের গল্পই এগিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি সম্পূর্ণ নতুন চরিত্রদের দেখা মিলবে? জবাবে পরিচালক স্পষ্ট করে দেন, সিনেমাটিতে পুরনো চরিত্ররাই ফিরছেন। তিনি বলেন, “চরিত্রগুলো সব একই থাকবে। তবে গল্পে একটা ‘টাইম লিপ’ বা সময়ের ব্যবধান দেখানো হবে। যেমন— ২০ বছর পর চরিত্রগুলো এখন কে কী করছে? যেহেতু ‘৩ ইডিয়টস’-এর ২০ বছর পরের গল্প এটি, তাই স্বাভাবিকভাবেই সব চরিত্রের বয়স বাড়বে। তারা আর কলেজে থাকবে না, বরং কর্মজীবন, বৈবাহিক জীবন এবং সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকবে। এরপর তাদের জীবনে কী কী ঘটে, সেটাই পর্দায় তুলে ধরা হবে।”

একই সঙ্গে রাজকুমার হিরানি জানান, বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার প্রাথমিক কাজ চলছে। এটি একদম শুরুর দিকের ড্রাফট। তবে ইতিমধ্যেই আমির খান এই প্রাথমিক গল্পটি শুনেছেন এবং তাঁর এটি বেশ পছন্দও হয়েছে। যদিও চিত্রনাট্যের ওপর এখনও অনেক কাজ বাকি। পরিচালক বলেন, “এই মুহূর্তে আমি এবং অভিজাত জোশী মুম্বইয়ের বাইরে কোথাও নিজেদের বন্দি করে চিত্রনাট্য লেখার চেষ্টা করছি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে আমরা জানতে পারব যে ছবিটির শুটিং কবে থেকে শুরু করতে পারছি।”

উল্লেখ্য, ২০০৯ সালের মূল ‘৩ ইডিয়টস’ ছবিতে আমির খান ‘র‌্যাঞ্চো’, আর মাধবন ‘ফারহান’ এবং শরমন জোশী ‘রাজু’র চরিত্রে অভিনয় করেছিলেন। মাত্র ৫৫ কোটি টাকা বাজেটের এই ছবিটি সেই সময়ে ভারতীয় বক্স অফিসে ২০২ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ৩৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ইতিহাস তৈরি করেছিল। সিক্যুয়েলের এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker