BJP puts up posters at Howrah Prasun-Arup-Sujoy’s house

জেলায় জেলায় ভোট হিংসা রোধে প্রথম থেকেই কড়া বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। কিন্তু, তা সত্ত্বেও রোখা যাচ্ছে না হামলার ঘটনা। তা আটকাতে এবার অভিনব পদক্ষেপ নিল হাওড়া সদর বিজেপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার হাওড়া সদরে তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় ও হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর বাড়ির সামনে পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি। তাতে লেখা রয়েছে-‘ভয় আউট ভরসা ইন’।
এই বিষয়ে আরও খবর
সাংসদ, প্রাক্তন মন্ত্রী ও পুরসভার প্রাক্তন প্রশাসকের নাম করে পোস্টারে লেখা হয়েছে, “উনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, কোনও শত্রু নন। তাঁর বাড়িতে কেউ হামলা করবেন না। তাঁকে বা তাঁর পরিবারের কারও উপর যদি কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে হামলা করেন তাহলে দলগত এবং প্রশাসনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি দেবাঞ্জল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা এই তিন জনের বাড়িতে গিয়ে পোস্টার সাঁটান। এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূলের নেতারা নির্ভয়ে বাড়ি ফিরুন। বাড়ি থেকে বেরোন। আমাদের দলে তৃণমূলের সংস্কৃতি নেই যে বিরোধী দল হলেই তাঁর উপর হামলা চালাব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই বার্তা দিতেই আমরা এই পোস্টার সাঁটাচ্ছি। এরপরও আমাদের দলের কেউ যদি হামলা চালায় তাহলে আমাদের দল ও প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।” বিজেপির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



