IRCTC: আসছে IRCTC-র নয়া ওয়েবসাইট, কত দ্রুত হবে টিকিট বুকিং? নতুন কী কী সুবিধা মিলবে? জেনে নিন

নয়া দিল্লি: দেশের কোটি কোটি রেলযাত্রীর জন্য বড় সুখবর। ভারতীয় রেল খুব শীঘ্রই আইআরসিটিসির নতুন ওয়েবসাইট (IRCTC New Website) চালু করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ঘোষণা করেছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নতুন ওয়েবসাইট চালু করা হবে। নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য টিকিট বুকিংকে আরও দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য করে তোলা। পাশাপাশি যাত্রীরা সিট বাছাইয়ের মতো একাধিক নতুন সুবিধাও পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
নতুন ওয়েবসাইটে কী কী সুবিধা মিলবে?
রেল কর্তৃপক্ষ শুধু ওয়েবসাইটের চেহারা বদলাতে চাইছে না, বরং পুরো টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাই উন্নত করতে চাইছে।
নতুন ওয়েবসাইটে যে যে সুবিধাগুলি মিলতে পারে, সেগুলি হল
- আগের তুলনায় আরও দ্রুত টিকিট বুকিং
- একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারীকে অ্যাকসেস
- তৎকাল টিকিট বুকিংয়ের সময় আরও নির্ভুল ও রিয়েল-টাইম স্ট্যাটাস
- পছন্দমতো সিট বেছে নেওয়ার সুবিধা
- আরও সহজ ইন্টারফেস
কেন আপগ্রেড জরুরি?
ভারতীয় রেলে এখন অধিকাংশ টিকিটই অনলাইনে বুক করা হয়। রেল সূত্রে দাবি, বর্তমানে প্রায় ৮৮ শতাংশ টিকিট অনলাইনেই বুকিং হয়। ফলে ওয়েবসাইটের গতি ও নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত কয়েক বছরে যাত্রীরা বারবার অভিযোগ করেছেন, টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট হঠাৎ ক্র্যাশ হয়ে যায়, দেরিতে OTP আসা, পেমেন্ট আটকে যাওয়া এবং বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়। উৎসবের মরসুমে অতিরিক্ত ট্রাফিকের কারণে এই সমস্যা আরও বেড়ে যায়। নতুন ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করার লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল।



