Minor Boy runs away from home after being scolded by parents for gaming

অনলাইন গেমে অতিরিক্ত আসক্ত বছর ১৪-এর পড়ুয়া। স্বাভাবিকভাবেই বকাবকি করেছিলেন বাবা-মা। তারপরই উধাও হয়ে গেল সে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মগড়া থানার অন্তর্গত শিবপুর নারায়ণীপল্লি এলাকায়। ছেলের হদিশ পেতে পুলিশের দ্বারস্থ পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম সৌনিক দাস। গত শনিবার সন্ধ্যায়, আনুমানিক পৌনে সাতটা নাগাদ সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। জানা যাচ্ছে, পড়াশোনায় অনীহা ও গেমে আসক্তি নিয়ে অভিভাবকরা তাকে বকাবকি করেছিলেন। এরপরই বাড়ি ছেড়ে চলে যায় সে। পরবর্তীতে এক পরিচিত ব্যক্তি তাকে ত্রিবেণী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। তবে খবর পেয়ে পরিজনরা পৌঁছনোর আগেই সে সেখান থেকে চলে যায়। সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও সন্ধান না পেয়ে অবশেষে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
অভিযোগ পেয়েই মামলা রুজু করে জোরকদমে তদন্তে নেমেছে মগড়া থানার পুলিশ। কিশোরের সন্ধানে রেলস্টেশন সংলগ্ন চত্বর ও আশেপাশের সম্ভাব্য এলাকাগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত কিশোরের অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের গেমে আসক্তি যে কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল।
শেয়ার
লিংক



