Rohit Sharma: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার চলতি জুন মাসে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) জ্বলে উঠতে দেখার জন্য মরিয়া ছিল ভক্তরা। আগের মতো তাদের সারা বছর জুড়ে আর ভারতের হয়ে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যায় না। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন দুই মহাতারকা। কেবলমাত্র ওডিআই ফরম্যাটেই নিজ জার্সিতে মাঠে দেখা যায় তাদের।
কোহলির চোট, অনিশ্চিত রোহিত শর্মাও:
আইপিএল ফাইনাল খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। ফলস্বরূপ জুন মাসে আফগানিস্থানের বিরুদ্ধে আয়োজিত ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। দীর্ঘদিন না হলেও আপাতত আগামী এক মাস মাঠে দেখা যাবে না। অপরদিকে আইপিএলের সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন না হিটম্যানও। তাকে আফগানিস্থানের বিরুদ্ধে মাঠে দেখা যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

গত আইপিএলে চোটের জন্য একাধিক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ওপেন করতে নামতে পারেননি রোহিত। যে ম্যাচগুলিতে মাঠে নেমেছিলেন তাতে তাকে মোটের ওপর ভালো ছন্দেই দেখিয়েছে। কিন্তু তিনি আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার যোগ্য কিনা তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: IPL 2026 জয়ী RCB-কে হারিয়ে দিলো গুজরাট টাইটান্স! কোহলিদের পেছনে ফেলে শীর্ষে সিরাজরা
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রোহিত শর্মার ফিটনেস নিশ্চিত করার জন্য আগামী ৮ই জুন, সোমবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স নিজের ফিটনেস পরীক্ষা দেবেন রোহিত। তারপরেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। শেষ ৪ বছরে চোটের জন্য কেবল একটি ওডিআই ম্যাচ মিস করেছেন রোহিত। তিনি নিজেও চাইবেন সুস্থ অবস্থায় ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে।
আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা
নিজের সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে কেবলমাত্র ওডিআই বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি রোহিত। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটের সব আন্তর্জাতিক ট্রফি জয় করেছেন তিনি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে একটি সিরিজেও মাঠের বাইরে বসতে রাজি নন প্রাক্তন ভারত অধিনায়ক।




