0%

ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’

ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে তাঁর জায়গায় বহরমপুর আসন থেকে লোকসভায় যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়! বেশ কয়েকদিন ধরে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় এই খবর ধরনের একটি খবর ছড়াচ্ছে। তাতে খানিকটা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বলা হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ই নাকি মমতার বার্তা পৌঁছে দিয়েছেন ইউসুফ পাঠানের কাছে। কিন্তু সৌরভ সাফ জানিয়ে দিলেন, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই। সম্পূর্ণটাই মনগড়া। আর এই মনগড়া খবরে তিনি যে বিরক্ত, সেটাও বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এই বিষয়ে আরও খবর

সম্প্রতি এক প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে নজর দিতে চাইছেন। সেই লক্ষ্যে তিনি লোকসভায় যেতে চান। তাঁর প্রাথমিক পরিকল্পনা ছিল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে, ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসের সমর্থনে জিতে আসা। ইউসুফের কাছে তাঁর বার্তা নাকি পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। সৌরভের ভূমিকাও আতস কাচের তলায়। তবে সৌরভের দাবি, ওই প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

Sourav Ganguly bursts fake news regarding him involving in political events
সৌরভের প্রকাশ করা বিবৃতি।

সৌরভ রীতিমতো বিবৃতি দিয়ে ওই খবর খণ্ডন করেছেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কোনও প্রস্তাব নিয়ে তাঁর কাছে আসেননি। আর তিনিও ইউসুফ পাঠানের কাছে কোনও প্রস্তাব নিয়ে যাননি। পুরোটাই ভিত্তিহীন। বিবৃতিতে প্রাক্তন ভারত অধিনায়কের দাবি, ‘এই প্রতিবেদনে আমাকে নিয়ে যা যা দাবি করা হয়েছে, দূরদুরান্ত পর্যন্ত তাতে কোনও সত্যতা নেই। এই পরিস্থিতিতে আমি এই সত্যিটা তুলে ধরা প্রয়োজনীয় মনে করছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কোনওরকমভাবেই ইউসুফকে পদত্যাগ করার বার্তা দিতে বলেননি। আমিও ইউসুফের কাছে এই ধরনের বার্তা নিয়ে যাইনি। শুধু তাই নয়, আমি জীবনে কোনওদিন কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকিনি।”

সৌরভের সাফ কথা, ‘এই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করার আগে সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত ছিল। স্রেফ গুজবের বশবর্তী হয়ে কোনও খবর প্রকাশ করা উচিত না। যেভাবে সত্যাসত্য যাচাই না করে প্রতিবেদনে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker