0%

ই-২০ পেট্রলে মাইলেজ কম, অভিযোগ উড়িয়ে দিলেন পরিবহণ মন্ত্রী 

সবদিক নিউজ: ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে— এমন অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে যখন বিতর্ক চলছে, তখন সেই অভিযোগকে কার্যত খারিজ করে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি। তাঁর দাবি, সাধারণ গাড়িচালকরা ড্যাশবোর্ড দেখে যে মাইলেজের হিসাব করেন, তা বৈজ্ঞানিক বা নির্ভুল নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গড়করি বলেন, গাড়ির প্রকৃত মাইলেজ নির্ধারণ করা যায় শুধুমাত্র অনুমোদিত ডিলারের বিশেষ পরীক্ষার মাধ্যমে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকার চলাকালীন ওই সাংবাদিক দাবি করেন, ই-২০ পেট্রল ব্যবহারের পর তাঁর গাড়ির মাইলেজ প্রতি লিটারে ১১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে নেমে এসেছে। গড়করি তখন জানতে চান, কীভাবে এই হিসাব করা হয়েছে। উত্তরে সাংবাদিক জানান, তিনি গাড়ির ড্যাশবোর্ডে প্রদর্শিত তথ্যের ভিত্তিতেই এই হিসাব করেছেন। এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপনি বা আমি ড্যাশবোর্ড দেখে গাড়ির প্রকৃত মাইলেজ নির্ধারণ করতে পারি না। শুধুমাত্র সংস্থার অনুমোদিত ডিলার নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে সঠিকভাবে মাইলেজ পরীক্ষা করতে পারে।

এদিকে, সোমবারই প্রকাশিত সি ভোটার-এর একটি সমীক্ষায় উঠে এসেছে ই-২০ পেট্রল নিয়ে সাধারণ মানুষের অনীহার ছবি। সমীক্ষা অনুযায়ী, ৫০ শতাংশেরও বেশি এনডিএ সমর্থক ই-২০ ব্যবহার করতে চান না। তাঁদের মধ্যে অনেকেরই আশঙ্কা, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ১৮.১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা ই-২০ পেট্রল ব্যবহার করতে আগ্রহী। অন্যদিকে ২৯.৫ শতাংশ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। শুধু তাই নয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ পেট্রলে ইথানল মেশানোর সরকারি নীতিরও বিরোধিতা করেছেন। ফলে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে কেন্দ্রের উদ্যোগ চললেও, সাধারণ মানুষের একাংশের মধ্যে এখনও ই-২০ পেট্রল নিয়ে সংশয় ও উদ্বেগ রয়ে গেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker