0%

কলকাতায় ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরবঙ্গে লাল সতর্কতা

সোমবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল কলকাতার আকাশ। বেলা গড়াতেই কালো মেঘে ঢেকে যায় শহর, তারপর নামে ঝেঁপে বৃষ্টি। দিনের আলোয় যেন সন্ধ্যা নেমে আসে মহানগরে। কোথাও টানা ঝিরঝিরে, কোথাও আবার মুষলধারে বৃষ্টিতে কার্যত নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তর অংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

– বিজ্ঞাপন –

অন্যদিকে, উত্তরবঙ্গের জন্য সোমবার জারি হয়েছে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

কোন জেলায় কবে বৃষ্টি?

মঙ্গলবার:
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

বুধবার:
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার:
হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার:
পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ কোনও সতর্কতা না থাকলেও শনিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে, ১৫ থেকে ১৭ জুলাই (বুধবার থেকে শুক্রবার) পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker