0%

জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার

জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে ইরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করল আমেরিকা। এর ফলে আমেরিকায় ইরানের যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেল। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। তিনি বলেন, “আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ইরানের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফ-সহ সবাইকে ভিসা দেওয়া হয়েছে। বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে।” এর আগে দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে আবেদন আটকে থাকায় উদ্বেগ বাড়ছিল ইরান ফুটবল ফেডারেশনের মধ্যে। পরিস্থিতি দেখে আগেই দলের প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, ভিসা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের ফুটবল কর্মকর্তারা। বিষয়টি ফিফাকেও জানানো হয়। এমনকী দু’দিন আগে মেক্সিকোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতও প্রকাশ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এর মধ্যেই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত আসে। মার্কিন এক কর্তার দাবি, “কোনও এক ব্যক্তির ভিসা বাতিল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়। সব আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করা হয়েছে।”

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষ ও পালটা হামলার কারণেই এই ভিসা জটিলতা তৈরি হয়েছিল। সেই কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে এখন সেই সমস্যা কেটেছে। জানা গিয়েছে, ইরান গ্রুপ পর্বের তিনটি ম্যাচই আমেরিকায় খেলতে পারবে। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (১৬ জুন), বেলজিয়াম (২২ জুন) এবং মিশর (২৭ জুন)।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker