জীবনসঙ্গীর সঙ্গে সুখী সম্পর্কই কি মেদ ঝরানোর চাবিকাঠি? নতুন গবেষণায় চমকপ্রদ দাবি – সবদিক

জীবনের সাফল্য বা ব্যর্থতার সঙ্গে জীবনসঙ্গীর ভূমিকা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এবার গবেষণায় উঠে এল আরও চমকপ্রদ তথ্য— আপনি স্থুলকায় থাকবেন নাকি রোগা ছিপছিপে, তাও অনেকাংশে নির্ভর করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উপর।
ULCA Health নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, সুখী বৈবাহিক সম্পর্ক মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গবেষকরা লক্ষ্য করেছেন, জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকলে শরীরে ‘লাভ হরমোন’ নামে পরিচিত অক্সিটোসিনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা সরাসরি মস্তিষ্কের কার্যকারিতা ও বিপাকক্রিয়ার সঙ্গে যুক্ত।
গবেষণায় বলা হয়েছে, অক্সিটোসিন হরমোন শুধু মানসিক সুখই বাড়ায় না, বরং খাওয়াদাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ এবং অন্ত্রে থাকা ভালো ব্যাক্টেরিয়ার কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে। এর ফলে ভাজাভুজি ও অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আসক্তি কমে এবং বিএমআই (Body Mass Index) নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: কম ঘুম মানেই কম আয়ু? গবেষণায় জানাল কত ঘণ্টা ঘুম জরুরি
বিশেষজ্ঞদের মতে, জীবনসঙ্গীর কাছ থেকে নিয়মিত ইমোশনাল সাপোর্ট বা মানসিক সাহচর্য পেলে মস্তিষ্কের ডরসোল্যাটারাল কর্টেক্স অংশ সক্রিয় থাকে, যা খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা আবেগজনিত খাওয়ার প্রবণতা দমন করে।
গবেষণায় আরও দাবি করা হয়েছে, সুখী দাম্পত্য জীবন থাকলে আয়ু প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। প্রসঙ্গত, ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে ১ জন স্থুলতার সমস্যায় ভুগছেন। গোটা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ মেদবহুল বা স্থূলতার শিকার।
এই গবেষণা নতুন করে দেখিয়ে দিল— সুস্থ জীবনযাপনের জন্য শুধু ডায়েট বা ব্যায়ামই নয়, মানসিক সুস্থতা ও সম্পর্কের স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ।



