জ্যোতিপ্রিয়-কন্যার ডানা ছাঁটল বিজেপি সরকার! সংসদের সচিব পদ থেকে অপসারিত প্রিয়দর্শিনী

সবদিক নিউজ: রাজ্যে ক্ষমতা দখলের পরেই প্রশাসনিক রদবদলে কোমর বেঁধে নেমেছে বিজেপি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিকের নাম। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইস্তফা দিতে চাননি প্রিয়দর্শিনী
নবান্ন সূত্রের খবর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই প্রিয়দর্শিনী মল্লিককে নিজে থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই পরামর্শ কানে তোলেননি এবং নিজের পদে বহাল ছিলেন। এমনকি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় তিনি সংসদের গুরুত্বপূর্ণ আধিকারিক হিসেবে উপস্থিতও ছিলেন। তবে ফল প্রকাশের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হলো।
পুরনো পেশায় প্রত্যাবর্তন
শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিয়দর্শিনী মল্লিককে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজের কাজে ফিরবেন। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে হওয়ার সুবাদে তাঁর প্রশাসনিক পদে নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল তদানীন্তন বিরোধী দল বিজেপি। এবার ক্ষমতায় এসেই সেই পদের রাশ টেনে ধরল গেরুয়া শিবির।
অব্যাহত রদবদল
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে শ্রীঘরে। বাবার জেলযাত্রার পর থেকেই প্রিয়দর্শিনীকে নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা ছিল। এবার প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্ত যে একটি বড় রাজনৈতিক বার্তা, তা মানছেন ওয়াকিবহাল মহল। তবে পদ হারানোর পর প্রিয়দর্শিনী মল্লিকের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তৃণমূল জমানার একাধিক নিয়োগ ও পদাধিকারীদের নিয়ে বর্তমানে ঝাড়াই-বাছাই শুরু করেছে নতুন সরকার। প্রিয়দর্শিনী মল্লিকের পর পরবর্তী কোপ কার ওপর পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



