0%

‘টুটুবাবুর জন্যই ডার্বি জিতব’, অঙ্গীকার শুভাশিসের, নীরবতা পালন করল মোহনবাগান

মোহনবাগানের ‘বটগাছ’ টুটু বোস চলে গিয়েছেন না ফেরার দেশে। তাঁর প্রয়াণে শোকে মুহ্যমান সবুজ-মেরুন ভক্তকুল। প্রিয় ‘অভিভাবক’ টুটুবাবুর জন্যই এবার ডার্বি জিততে চাইছেন তাঁরা। মোহনবাগান ভক্তদের মতো একই কথা এবার শোনা গেল শুভাশিস বসুর মুখেও। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী রবিবার মোহনবাগান ডার্বি জিতবে এবং সেই জয় উৎসর্গ করা হবে টুটুবাবুকে।

আইএসএল পয়েন্ট টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। আগামী রবিবার চিরশত্রু দুই দল মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। রবিবারের ডার্বি যে জিতবে, আইএসএল খেতাব কার্যত তাদের হাতের মুঠোয় চলে আসবে। ফলে দুই দলের কাছেই এই ডার্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল খেলা নয়, রবিবারের ডার্বি ঘিরে তৈরি হয়েছে আবগের এক অন্যরকম আবহ। টুটুবাবুর মৃত্যুর পর সবুজ-মেরুন ভক্তকুল চাইছেন, ডার্বি জিতেই শ্রদ্ধা জানানো হোক মোহনবাগানের প্রাণপুরুষকে।

সেই একই কথা এবার বললেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস। তাঁর কথায়, “আমরা এই ডার্বি জিততে চাই এবং টুটু বোসের স্মৃতিতে উৎসর্গ করতে চাই। টুটুবাবুই আমাকে প্রথমবার মোহনবাগানে নিয়ে এসেছিলেন। কেরিয়ারে সেই প্রথমবার আমার মোহনবাগানে আসা।” স্মৃতি রোমন্থনের পাশাপাশি শুভাশিস বলছেন, “আমার গোটা কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে অন্যতম এই ডার্বি।” বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেখানে ফুটবলাররা নীরবতা পালন করেছেন। দলের তরফে বার্তা দেওয়া হয়, টুটুবাবু সবসময়ে মোহনবাগানের হৃদয়ে থাকবেন।

উল্লেখ্য, টুটুবাবু বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হন হৃদরোগে। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর বাঁচানো যায়নি টুটুবাবুকে। গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। টুটুবাবুর প্রয়াণে শোকের ছায়া ফুটবলমহলে। খেলার দুনিয়া হোক বা বিনোদুনিয়া, টুটুবাবুকে শ্রদ্ধা জানিয়েছেন সকলেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শ্রদ্ধা জানান। এবার সবুজ-মেরুনের আকাঙ্খা, ডার্বি জয় উৎসর্গ করা হোক মোহনবাগান রত্নকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker