0%

পেট্রল-ডিজেল কেনায় শিল্প-বাণিজ্য সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১ জুলাই থেকে কার্যকর কেন্দ্রের সিদ্ধান্ত – সবদিক

নয়াদিল্লি: শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির পেট্রল ও ডিজ়েল কেনার উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্র। এর ফলে শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকেরা আবার আগের মতোই পেট্রল পাম্প থেকে জ্বালানি কিনতে পারবেন।

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি পেট্রল পাম্প থেকে একলপ্তে বেশি পরিমাণে পেট্রল ও ডিজ়েল কিনতে পারবে না। খুচরো ও বাল্ক বাজারে জ্বালানির দামের পার্থক্যের কারণে অনেক বাণিজ্যিক সংস্থা কম দামে জ্বালানি কেনার জন্য সাধারণ পেট্রল পাম্পের উপর নির্ভর করছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার এই বিধিনিষেধ আরোপ করেছিল।

– বিজ্ঞাপন –

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সোমবার কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের উপর আরোপিত সমস্ত বিধিনিষেধ আগামী ১ জুলাই থেকে প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং হরমুজ় প্রণালীতে অনিশ্চয়তার কারণে সম্প্রতি বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছিল। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সিংহভাগ বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই দেশের বাজারে পেট্রল ও ডিজ়েলের সরবরাহ সুনিশ্চিত করতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র।

তবে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, দেশে পেট্রল, ডিজ়েল এবং রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এরই মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। হরমুজ় প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হলেও অধিকাংশ পণ্যবাহী জাহাজ চলাচল করছে।

পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার কথা বিবেচনা করেই কেন্দ্র ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১১ জুন কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি খুচরো বিক্রয়মূল্য ও বাল্ক বিক্রয়মূল্যের পার্থক্যের সুযোগ নিয়ে পেট্রল পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছে। সেই প্রবণতা নিয়ন্ত্রণ করতেই পেট্রল পাম্প থেকে বৃহৎ পরিমাণে জ্বালানি কেনার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker