0%

বক্স অফিসে ‘লেনিন’ ঝড়, ৬১ কোটির বাজিমাত!

পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাওয়া অখিল আক্কিনেনির নতুন ছবি ‘লেনিন’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি ভারতীয় বক্স অফিসে নেট আয় করেছে ২৫.৪৫ কোটি টাকা। রবিবার (তৃতীয় দিন) একাই ছবির ঝুলিতে এসেছে ৯.৬৫ কোটি টাকা, যা এখনও পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয়। শনিবারের তুলনায় রবিবার আয় বেড়েছে প্রায় ১১.৬ শতাংশ। তিন দিনে ছবিটির ভারতীয় গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৯.২৭ কোটি টাকা। প্রযোজনা সংস্থার দাবি, বিশ্বব্যাপী তিন দিনে ৬১ কোটিরও বেশি আয় করেছে লেনিন।

অখিল আক্কিনেনির কেরিয়ারে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। তাঁর আগের ছবি ‘এজেন্ট’, যার বাজেট ছিল প্রায় ৮৫ কোটি টাকা, গোটা ভারতীয় বক্স অফিসে প্রায় ১০ কোটি টাকার নেট সংগ্রহ করেছিল। সেখানে লেনিন মুক্তির দু’দিনের মধ্যেই সেই অঙ্ক ছুঁয়ে ফেলে।

ছবির সাফল্যের মাঝেই প্রযোজক সূর্যদেবরা নাগা বংশী সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে জানান, লেনিন-এর থিয়েট্রিক্যাল ব্যবসার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেই সংযত মূল্য নির্ধারণ করা হয়েছিল। তাঁর কথায়, নাগার্জুনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে শুধু প্রযোজক নন, পরিবেশক ও প্রদর্শকরাও ছবির সাফল্যের সুফল পান।

নাগা বংশী লেখেন, প্রায় দেড় বছর আগে ম্যানাম এন্টারটেইনমেন্টস ও সিথারা এন্টারটেইনমেন্টস একসঙ্গে লেনিন তৈরির পরিকল্পনা করে। লক্ষ্য ছিল অখিলকে নিয়ে একটি বড় ব্লকবাস্টার উপহার দেওয়া। থিয়েট্রিক্যাল ব্যবসার সময় নাগার্জুনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিভিন্ন অঞ্চলে ছবির দাম এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে প্রথম সপ্তাহান্তেই পরিবেশক ও হল মালিকরা লাভের মুখ দেখতে পারেন।

তাঁর দাবি, সেই পরিকল্পনা সফল হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তের মধ্যেই অধিকাংশ পরিবেশক তাঁদের বিনিয়োগ তুলে ফেলেছেন। প্রেক্ষাগৃহে হাউসফুল বোর্ড এবং দর্শকদের উচ্ছ্বাসই তাঁদের কাছে প্রকৃত সাফল্যের পরিচায়ক। নাগা বংশীর কথায়, “শুধু বক্স অফিসের সংখ্যা নয়, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারাই আসল সাফল্য।”

আরও পড়ুন: কামাল হাসানের জন্যই বদলেছিল ভাবনা! ২৩ বছর পর স্মৃতিচারণে আবেগঘন আর মাধবন

এদিকে পরিচালক রাম গোপাল ভার্মাও ছবির ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “লেনিন দেখলাম। শুধু ছবিটাই দুর্দান্ত নয়, আমার মনে হয়েছে অখিলই আক্কিনেনি পরিবারের সেরা অভিনেতা। নাগার্জুনকে সাক্ষী রেখেই আমি এই কথা বলছি।” তিনি আরও বলেন, অখিলের স্বাভাবিক অভিনয় এবং আবেগঘন দৃশ্যের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি পরিচালক মুরলী কিশোর আব্বুরির পরিচালনারও প্রশংসা করেন ভার্মা।

আরও পড়ুন: সুরসম্রাজ্ঞী এস জানকিকে শেষ শ্রদ্ধা, মোদী থেকে রজনীকান্ত-বিজয়ের আবেগঘন বার্তা

মুরলী কিশোর আব্বুরি পরিচালিত লেনিন রায়লসীমাকে পটভূমি করে নির্মিত একটি গ্রামীণ অ্যাকশন ড্রামা। ছবিতে অখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুনীল, ব্রহ্মাজি, রামকি, শিবাজি এবং ঈশ্বরী রাও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে ম্যানাম এন্টারপ্রাইজেস ও সিথারা এন্টারটেইনমেন্টস, উপস্থাপনায় রয়েছে অন্নপূর্ণা স্টুডিওস।

আরও পড়ুন: ‘এই হল আমার মানুষ!’ আংটি দেখিয়ে প্রেমিক শেখরকে পরিচয় করালেন জ্যাসমিন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker