বছরে চারবার ঘুরতে যেতে হবে সরকারি কর্মীদের, বড় নির্দেশ রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক : পর্যটন শিল্পকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিল সরকার। প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে, সরকারি কর্মীদের নিয়মিতভাবে পরিবারকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার কথা বলা হয়েছে। এই সফরকে প্রশাসনিক দায়িত্বের অংশ হিসেবে দেখা হবে বলে জানানো হয়েছে।
সরকারের (State Government) তরফে কী নির্দেশ কর্মচারীদের?
সরকারের আশা, এই পদক্ষেপ রাজ্যের পর্যটন খাতকে আরও সক্রিয় করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
নতুন নিয়ম অনুযায়ী, বছরে চারবার সরকারি কর্মীদের নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণে বেরোতে হবে। প্রতিটি সফরের মেয়াদ হতে হবে টানা দুই দিন, দুই রাত। সরকারি কর্মচারীদের এই বিরাট সুযোগ দিচ্ছে বিহার সরকার। সপ্তাহান্তে যাতে সহজে এই সফর সম্পন্ন করা যায়, সে কারণে মূলত শুক্রবার বা শনিবারকে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে শুধু বেড়াতে গেলেই দায়িত্ব শেষ হবে না। প্রতিটি সফরের সময় অন্তত তিনটি পর্যটনকেন্দ্র ঘুরে দেখা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সফর শেষে জেলা শাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে পরিদর্শিত স্থানগুলির ছবি, বিস্তারিত তথ্য এবং ভ্রমণের ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি সরকারি দায়িত্ব হিসেবেই বিবেচিত হবে।
প্রশাসনের মতে, এই পরিকল্পনার মাধ্যমে সরকারি আধিকারিকরা রাজ্যের বিভিন্ন জেলার বাস্তব পরিস্থিতি আরও কাছ থেকে বোঝার সুযোগ পাবেন। পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো, যাতায়াত ব্যবস্থা, স্থানীয় মানুষের সমস্যা কিংবা পর্যটকদের অভিজ্ঞতা— এসব বিষয়ে সরাসরি ধারণা তৈরি হবে তাঁদের।

আরও পড়ুন : ৩০ মে হচ্ছে না সরকারি কর্মীদের সঙ্গে DA নিয়ে বৈঠক, কবে বসবেন মুখ্যমন্ত্রী? এল নয়া তারিখ
ফলে ভবিষ্যতে পর্যটন উন্নয়ন সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রেও তা কার্যকর ভূমিকা নিতে পারে। সরকারি কর্মীদের পর্যটনের সঙ্গে সরাসরি যুক্ত করার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, এই অভিনব উদ্যোগ বাস্তবে বিহারের পর্যটন শিল্পে কতটা পরিবর্তন আনতে পারে।




