0%

বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি! শহর কলকাতার পারদ নামল ২ ডিগ্রি

সবদিক নিউজ: মে মাসের দ্বিতীয় সপ্তাহ চললেও তিলোত্তমায় চৈত্র শেষের আমেজ। প্রখর দাবদাহের বদলে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মনোরম আবহাওয়া বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম ছিল। এমনকি সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি নিচে থাকায় গরমে খানিকটা স্বস্তি পেয়েছে শহরবাসী। মাঝেমধ্যে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি এই স্বস্তিদায়ক পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। মে মাসের এই সময়ে তাপপ্রবাহের বদলে এমন বর্ষণমুখর আবহাওয়া সাধারণ মানুষকে বেশ স্বস্তি দিচ্ছে, যা আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker