মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় ঘোষণা বিজয়ের! তামিলনাড়ুতে ২১ বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ

সবদিক নিউজ:নির্বাচনী প্রচারের সময় থেকেই তামিলনাড়ুকে (Tamil Nadu) ‘মাদকমুক্ত রাজ্য’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পরই তিনি নির্দেশ দিয়েছিলেন, মন্দির, স্কুল, কলেজ এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। এবার আরও বড় সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হল, ২১ বছরের কম বয়সিদের কাছে কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না।
তামিলনাড়ুতে (Tamil Nadu) ২১ বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী বিজয়:
তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন বা টাসম্যাকের জন্য বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ২১ বছরের নিচে কারও মদ্যপান বেআইনি এবং সেই বয়সের কাউকে মদ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, মদের দোকানের কর্মীদের আধার কার্ড দেখে ক্রেতার বয়স ও পরিচয় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, তরুণ প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেজিংয়ে ঐতিহাসিক বৈঠক ট্রাম্প-জিনপিংয়ের! হরমুজ থেকে তাইওয়ান সহ একাধিক বিষয়ে আলোচনা
মদ্যপানের উপর নিয়ন্ত্রণ আনতে আরও কিছু কড়া পদক্ষেপের কথাও ভাবছে বিজয় সরকার। বর্তমানে টাসম্যাকের দোকানগুলি দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। সেই সময়সীমা কমিয়ে আনার পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর। সরকার চাইছে, রাতের দিকে মদ বিক্রি কমিয়ে সমাজে অপরাধ এবং নেশাজনিত সমস্যাও নিয়ন্ত্রণে আনা হোক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা প্রায় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সেই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিজয়ের সরকারের এটাই প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা ও পরিচালক প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে মদের সহজলভ্যতা সামাজিক সমস্যার কারণ হয়ে উঠেছিল। ফলে তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সময়োপযোগী। রাজনৈতিক মহলেও এই পদক্ষেপ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

একসময় রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ, এখন নবান্নে! বিধায়ক চন্দনা বাউরির লড়াই চোখে জল আনবে আপনার
এদিকে, একই দিনে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও করেছেন বিজয়। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পেতেন, তা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের (Tamil Nadu) সব মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকার আর্থিক সহায়তার মে মাসের কিস্তিও দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জনস্বার্থমূলক একাধিক সিদ্ধান্ত নিয়ে চন্দ্রশেখর জোসেফ বিজয় এখন জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।



