0%

ম্যাজিক ভ্যানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ সিআইডির! অশোকনগরে বিপুল কার্তুজ-সহ গ্রেফতার মহিলা

সবদিক নিউজ: উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি যাত্রিবাহী ম্যাজিক ভ্যান থামিয়ে তল্লাশি চালায় সিআইডির বিশেষ দল। সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যবয়সি পূজা হাবড়া এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতেন। রবিবার সকালে তিনি নৈহাটি রোড ধরে অশোকনগর হয়ে ম্যাজিক ভ্যানে হাবড়ার দিকে যাচ্ছিলেন। অশোকনগর থানার ৮ নম্বর মোড়ের কাছে গাড়িটি আটকায় সিআইডি। অভিযানে সহযোগিতা করে অশোকনগর থানার পুলিশ।

তল্লাশির সময় পূজার সঙ্গে থাকা ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২টি ম্যাগাজিন, নগদ ১২ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁর কাছ থেকে বিহারের জামালপুর যাওয়ার একটি ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে। এই টিকিট উদ্ধারের পরই অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। বিহার থেকে অস্ত্র ও কার্তুজ পশ্চিমবঙ্গে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, মুঙ্গের এলাকা থেকে অস্ত্র এনে হাবড়া ও সংলগ্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তের।

তদন্তকারীদের ধারণা, বিহার থেকে ট্রেনে নৈহাটিতে পৌঁছে সেখান থেকে হাবড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন পূজা। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই অশোকনগরে তাঁকে আটক করা হয়। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের যোগ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পূজার বিরুদ্ধে এর আগেও দত্তপুকুর থানায় মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন। তবে বর্তমান অস্ত্র পাচারচক্রে তাঁর ভূমিকা কী ছিল এবং এর নেপথ্যে আর কারা যুক্ত, তা জানতে তদন্ত শুরু করেছে সিআইডি। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের ফরেনসিক পরীক্ষা করানো হবে। ধৃতকে রবিবার বারাসত আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি। চক্রের অন্য সদস্য এবং অস্ত্রের সম্ভাব্য ক্রেতাদের সন্ধান পেতে পূজাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker