0%

যাদবপুরে হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ১৭ জুন পর্যন্ত স্বস্তি হকারদের

যাদবপুরে রেলের জমিতে হকার উচ্ছেদ নিয়ে আপাতত স্বস্তি পেলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কলকাতা হাই কোর্ট আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় রেলের জমিতে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলাগুলির একসঙ্গে শুনানির নির্দেশও দিয়েছে আদালত।

গত কয়েকদিন ধরেই রেলের জমি দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালাচ্ছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় আরপিএফ এবং রেল পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। রেলের দাবি, নিরাপত্তা এবং যাত্রী পরিষেবার স্বার্থে বেআইনি দখল সরানো প্রয়োজন।

– বিজ্ঞাপন –

এদিকে গত রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। উচ্ছেদ অভিযান ঘিরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত হকাররা আদালতের দ্বারস্থ হন। বুধবার হকারদের পক্ষে আইনজীবী শামিম আহমেদ জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনার আবেদন জানান। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেন এবং আপাতত উচ্ছেদে স্থগিতাদেশ জারি করেন।

আদালত জানিয়েছে, আগামী ১৭ জুন মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত যাদবপুরে হকার উচ্ছেদে কোনও পদক্ষেপ করা যাবে না।

উল্লেখ্য, শুধু যাদবপুর নয়, হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন এলাকায় রেলের জমিতে হকার উচ্ছেদ এবং উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। আদালত জানিয়েছে, এই সমস্ত মামলার শুনানি একসঙ্গেই করা হবে।

বিজ্ঞাপন

হাই কোর্টের এই নির্দেশের ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হকাররা। তবে ১৭ জুনের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, তার উপরই নির্ভর করবে উচ্ছেদ অভিযানের ভবিষ্যৎ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker