কংগ্রেস-তৃণমূল জোট জল্পনার মাঝেই রহস্যময় পোস্ট মদনের, কী ইঙ্গিত দিলেন নেতা?

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ ঘিরে নানা জল্পনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। দলের বহু পরিচিত মুখকে ঘিরে আলোচনা চলছে, আর সেই আবহেই হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন মদন মিত্র (Madan Mitra)।
কী লিখলেন মদন মিত্র (Madan Mitra)?
এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বহু নেতা বর্তমানে ভিন্ন রাজনৈতিক সমীকরণে ব্যস্ত বলে আলোচনা রাজনৈতিক মহলে। তবে এখনও কিছু পুরনো মুখ রয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূল সুপ্রিমোর পাশে থেকেছেন। তাঁদের মধ্যে অন্যতম কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সনিয়া গান্ধীর দিল্লি বৈঠকের পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক কি আরও ঘনিষ্ঠ হতে চলেছে? কেউ কেউ আলোচনা শুরু করেন, ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী হতে পারে। একই সঙ্গে দলের অন্য নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা বাড়তে থাকে।
ঠিক এই সময়েই নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন মদন মিত্র।কামারহাটির তৃণমূল বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘Uninstall your past’ অর্থাৎ নিজের অতীতকে আনইনস্টল করো। আর ‘Update your Future’ অর্থাৎ ভবিষ্যতকে আপডেট করো। উল্লেখ্য, মাত্র এই কয়েকটি শব্দের পোস্টই এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হয়েছে, কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন : চারদিনে তিন ইস্তফা! সুখেন্দু-সুস্মিতার পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রকাশ চিক বরাইক
তৃণমূলের কঠিন রাজনৈতিক সময়েও মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবেই দেখা গিয়েছে। একইভাবে কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতারাও দীর্ঘদিন দলের পাশে থেকেছেন।মদনের এই পোস্টকে নিছক সাধারণ বার্তা হিসেবে দেখছেন না অনেকেই। ফলে মদন মিত্রের রহস্যময় পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ও কৌতূহল আপাতত অব্যাহত রয়েছে।




