যোগ দিবসে আসন করতে গিয়ে বেসামাল বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার! ভাইরাল ভিডিও

সবদিক নিউজ: বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার দেশজুড়ে পালিত হলো যোগ উৎসব। কন্যাকুমারী থেকে লাদাখ কিংবা বঙ্গ সফরে এসে কলকাতার রেড রোডে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাভ্যাস— বাদ ছিল না কিছুই। প্রতিবেশী রাজ্য বিহারেও পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে সরকারি উদ্যোগে মেগা যোগ দিবসের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানেই যোগাসন করতে গিয়ে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন বিহারের সদ্যনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী তথা নীতীশ-পুত্র নিশান্ত কুমার। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পাশে দাঁড়িয়ে যোগাভ্যাস করতে গিয়ে রীতিমতো বেহাল দশা হলো তাঁর, যার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে দেদার ভাইরাল।
অনুষ্ঠানে যোগার আসন করতে গিয়ে বারবার টাল খেতে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। কখনো ডান হাত তুলতে বলা হলে ভুল করে বাঁ হাত তুলে বসছেন, আবার কখনো কোমর নিচের দিকে ঝোঁকাতে বললে ভ্যাবাচ্যাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এলোপাথাড়ি হাত-পা ছুড়তে গিয়ে কয়েকবার পাশে থাকা মুখ্যমন্ত্রীর আসনের উপরই পড়ে যাওয়ার জোগাড় হন তিনি। রাজনীতিতে পা রেখেই স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসা নিশান্তের নিজস্ব শারীরিক ফিটনেস নিয়ে আগে থেকেই চর্চা ছিল সোশাল মিডিয়ায়; রবিবারের এই কাণ্ডের পর তা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।
যোগাসনের এই ভিডিও ভাইরাল হতেই নিশান্ত কুমারকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে দিয়েছে নেটিজেনরা। কেউ রসিকতা করে লিখেছেন, ‘ওঁকে আগে একটু গ্লুকোজ খাওয়ানো হোক’, তো কেউ বিখ্যাত সিনেমার সংলাপ টেনে কটাক্ষ করেছেন, ‘উনি হলেন পুষ্পা, ঝুঁকেগা নেহি!’ আবার কেউ কেউ মন্ত্রীর শারীরিক ভারসাম্য দেখে মজা করে লিখেছেন, ‘যোগ করতে গিয়ে ওঁর আবার বিয়োগ না হয়ে যায়, দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন।’ তবে নেটদুনিয়ার এই প্রবল ঠাট্টা-তামাশাকে একেবারেই পাত্তা দিতে নারাজ বিহারের স্বাস্থ্যমন্ত্রী। যোগাসন পর্ব কোনোমতে শেষ করেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, যোগচর্চাকে যাতে স্কুল ও কলেজের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানিয়েছেন।



