0%

রাজবীরকে ‘গর্দভ’ বলেছিলেন, ঢুকেই ট্রফি জেতার হুঙ্কার! মাত্র দু সপ্তাহেই বিগবস থেকে ছিটকে গেলেন ‘কুইন’ অনুষ্কা

বিগ বসের ঘরে (Bigg Boss Bangla 2026) পা রেখেছিলেন স্পিটসভিলা কুইনের আত্মবিশ্বাস নিয়ে। ভেবেছিলেন, অল্প দিনেই নিজের খেলার ছাপ ফেলবেন, বদলে দেবেন বাড়ির সমীকরণ। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টো! মাত্র দু’সপ্তাহের মাথাতেই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হল অনুষ্কা ঘোষকে (Anushka Ghosh)। বেরিয়ে যাওয়ার আগে অবশ্য কারও বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন না তিনি। বরং দর্শকের রায় মেনে নিয়ে বললেন, সবাই খুব ভাল খেলছ, বাইরে সকলের সঙ্গে দেখা হবে। তাঁর কথায়, খেলার প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে ঢোকাটাই ছিল দুর্ভাগ্যজনক। তাই স্পোর্টসম্যান স্পিরিট নিয়েই এই হার মেনে নিতে হবে তাঁকে।

 জ্বর-দুর্বলতায় কাবু কাজি, বিগ বসের ঘর ছাড়লেন? কী জানাল তাঁর টিম

কিন্তু যে অনুষ্কা বাড়িতে ঢুকেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, রাজবীর (Rajveer Dey) গর্দভের মতো খেলছেন, এমন চললে ট্রফি তিনিই নিয়ে যাবেন, তাঁর এই পরিণতি কেন? স্পিটসভিলার পরিচিত মুখ হিসেবে বিগ বসের ঘরে ঢুকেই নজর কাড়ার চেষ্টা করেছিলেন তিনি। রাজবীর ও নন্দিনীর সম্পর্কে ফাটল ধরানো থেকে দুর্নিবারকে পরামর্শ দেওয়া, বাড়ির খেলার সমীকরণ বদলাতে চেয়েছিলেন নানা ভাবে। কিন্তু তাতে কি খুব একটা লাভ হল? বরং সময় যত এগিয়েছে, ততই যেন ফিকে হয়েছে তাঁর দাপট।

 ‘আসল রূপ এখনও দেখায়নি’, বিগ বসে মেপে পা ফেলছেন জীতু? প্রাক্তন স্বামীর কৌশল বুঝে গিয়েছেন নবনীতা

এর পরেই সামনে আসে অনুষ্কার খেলার অন্য দিক। বাড়িতে নেতিবাচকতা ছড়ানোর অভিযোগে দাদার কাছে বকুনি খেতে হয়েছিল তাঁকে। সেই ধাক্কা সামলে অন্যদের বিশ্বাস অর্জনের চেষ্টা করলেও বিশেষ সুবিধা করতে পারেননি। রাজবীর, জিতু ও দুর্নিবারের প্রভাবও ভাঙতে পারেননি তিনি। বারবার নিজের প্যান-ইন্ডিয়া ফলোয়ার্স ও ইমেজের কথা বলায় কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে। এমনকী, ‘চম্পা, তোমার কত ফলোয়ার্স?’-এই খোঁচাও শুনতে হয়। যে আত্মবিশ্বাস নিয়ে খেলায় নেমেছিলেন অনুষ্কা, শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই কি তাঁর পথে বাধা হয়ে দাঁড়াল?

 ’১০ বছর থেরাপিতেও সারত না’, ‘বিগ বস ২০’-এর ঘর নিয়ে চমকে দেওয়া দাবি ঋতি তিওয়ারির

শনিবারের দাদার দরবারেও পরিস্থিতি খুব একটা স্বস্তির ছিল না। নমিনেশনে একাধিক নাম থাকলেও শেষ পর্যন্ত উত্তেজনা জমে ওঠে ঝিলাম ও অনুষ্কার মধ্যে কে বাড়ি ছাড়বেন, তা নিয়ে। দু’জনের মধ্যে কার যাত্রা থামবে, সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন দর্শকের রায়। আর তাতেই শেষ হয়ে যায় অনুষ্কার বিগ বস সফর। মাত্র দু’সপ্তাহের খেলায় বিদায়, স্পিটসভিলা কুইনের কাছে এই ধাক্কা যে সহজ নয়, তা বলাই বাহুল্য।

 ‘আমি কি সবটাই বানিয়ে বলেছি?’ বিগ বসের বাইরে ‘বয়কট নন্দিনী’ ট্রেন্ড! অনুষ্কা বিতর্কে কড়া অবস্থান সৌরভের

তবে বিদায়ের মুহূর্তে অনুষ্কাকে খেলোয়াড়ের মনোভাব নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ দেন দাদা। মনে করিয়ে দেন, তাঁর সামনে এখনও অনেক সুযোগ রয়েছে, কারণ তিনি সবে শুরু করেছেন এবং এর আগেও রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ফলে এই হারই শেষ কথা নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, একটু আগে বিগ বসের ঘরে ঢুকলে কি বদলে যেত অনুষ্কার ভাগ্য? নাকি বাড়ির সমীকরণ বুঝতে না পারা আর নিজের খেলার ধরনই তাঁকে এত তাড়াতাড়ি ছিটকে দিল? উত্তরটা আপাতত দর্শকের আলোচনাতেই ঘুরছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker