ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারত যখন চাপে তখন সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ৮৮ রান করে দলকে ভরসা জুগিয়েছেন। সেই সঙ্গেই নিজের মাথার মুকুটে জুড়েছেন নতুন এক সাফল্যের পালক। ক্রাইস্টচার্চ টেস্টে লড়াকু ইনিংস খেলে মহেন্দ্র সিং ধোনি ও কিরণ মোরের সঙ্গে বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন জুরেল। জেনে নিন ঠিক কী এমন কীর্তি গড়লেন জুরেল, যা তাঁকে জায়গা করে দিল দুই প্রাক্তন ভারতীয় তারকার পাশে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে ভারতের হয়ে একাই লড়াই চালিয়ে যান ধ্রুব জুরেল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারতীয় টিমের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে তাঁর ৮৮ রানের ইনিংস দলকে কিছুটা হলেও স্বস্তি দেয়। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৬ রানে। অন্যদিকে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ৩৫৬ রান। ফলে ১১০ রানের লিড পায় কিউয়িরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি এই ইনিংসের সৌজন্যে বিশেষ রেকর্ডের মালিক হয়েছেন জুরেল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে সাত নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে একাধিক অর্ধশতরান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব ছিল কেবল কিরণ মোরে ও মহেন্দ্র সিং ধোনির। ১৯৯০ সালে নিউজিল্যান্ড সফরে সাত নম্বরে ব্যাট করতে নেমে দু’টি অর্ধশতরান করেছিলেন কিরণ মোরে। অন্যদিকে, ২০০৯ সালে বেসিন রিজার্ভে সাত নম্বরে ব্যাট করে জোড়া অর্ধশতরান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি। ২০১৪ সালে একই মাঠে আট নম্বরে ব্যাট করেও অর্ধশতরান করেছিলেন ক্যাপ্টেন কুল।
আরও পড়ুন: ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার
উল্লেখ্য, চলতি সিরিজের প্রথম টেস্টেও ব্যাট হাতে নজর কেড়েছিলেন জুরেল। বেসিন রিজার্ভে প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ৭৮ রান। দ্বিতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। ১০২ বলে অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। যদিও শতরানের মাত্র ১২ রান আগে তাঁর ইনিংস শেষ হয়। অর্ধশতরান পূর্ণ করার পর জুরেলের পরিচিত আর্মি স্যালুট উদযাপনও নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।
The post ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



