0%

পুরনো ঠিকানায় জমে থাকা অগণিত স্মৃতি আর অনুভূতির যাত্রা, মঞ্চে আসছে নতুন নাটক ‘বাসাবদল’

মানুষের জীবনে ‘বাসাবদল’ কেবল একটি বাড়ি বদলের ঘটনা নয়। বিষয়টি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি, সম্পর্ক, অভ্যাস আর জীবনের বহু না-বলা অনুভূতিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার গল্প। পুরনো দেওয়াল, ঘরের চেনা গন্ধ, একসময়কার প্রেম, কিংবা বছরের পর বছর ব্যবহার করা আসবাব, এসবের মধ্যেই জমে থাকে সময়ের স্তর, অগণিত স্মৃতির ছাপ। সেই অনুভূতির গভীর শিকড় ছুঁয়েই তৈরি হয়েছে নতুন নাটক ‘বাসাবদল’ (Basabodol)।

নাটকটির কেন্দ্রে রয়েছে এক বৃদ্ধ, যিনি দীর্ঘদিনের পুরনো বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের খবর সবার আগে পৌঁছে যায় তাঁর এক জোড়া জুতোর কাছে। জীবনে প্রথমবার ঘরের অন্দরে প্রবেশ করা সেই জুতো এসে থামে একটি বিছানার সামনে। এরপর শুরু হয় জুতো আর বিছানার অদ্ভুত এক কথোপকথন।

এই কথোপকথনের মধ্য দিয়েই ধীরে ধীরে সামনে আসে তাদের অবস্থান, স্মৃতি আর মালিককে নিয়ে তাদের নিজস্ব দাবি। কে সেই বৃদ্ধকে বেশি চেনে, এই প্রমাণের অদ্ভুত লড়াইয়ে যেন উন্মোচিত হতে থাকে বহুদিনের অজানা গল্প। জুতো, যে বাইরে বাইরে ঘুরে মালিকের জীবন দেখেছে, আর বিছানা, যে ঘরের ভেতরে তাঁর নিঃসঙ্গতা, ক্লান্তি আর একান্ত ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী। এই দুইয়ের তর্কে উঠে আসে মানুষের জীবনের নানান স্তর।

এই তর্কের মাঝেই নাটকে প্রবেশ করে আরেক গল্প। এক রূপকথার রাজকুমারীর গল্প। যার মৃত্যুর দিন আগে থেকেই নির্ধারিত ছিল। তবু সেই নির্ধারিত দিনের মধ্যেই সে একই বিছানায় প্রেম ও মৃত্যুকে একসঙ্গে আলিঙ্গন করে। বাস্তব আর রূপকের সীমারেখা যেন সেখানে মিশে যায়। জুতো ও বিছানার কথোপকথনের ভেতর দিয়ে ধীরে ধীরে তৈরি হয় স্মৃতি, সময় আর মানুষের অস্তিত্ব নিয়ে এক গভীর নাট্যভাষা।

কে এই বৃদ্ধ? রূপকথার মেয়েটিই বা কে? আর জুতো ও বিছানা ঠিক কাদের প্রতীক? এই প্রশ্নগুলিই দর্শকের মনে নতুন ভাবনার সঞ্চার করবে। 

আরও পড়ুন: ক্ষমতাই কি শেষ কথা? নধরের হাত ধরে ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’-এর পতন!

নাট্যকার শুভাশিষ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বাসাবদল’ নাটকটি পরিচালনা করেছেন অর্পণ গড়াই। নাটকটিতে অভিনয় করেছেন দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য্য, অনুজয় চট্টোপাধ্যায় এবং অর্ক চক্রবর্তী। আগামী ১৫ মার্চ Kolkata Centre for Creativity (কেসিসি)-তে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এবং রাত ৮টা-এই দুই সময়ে মঞ্চস্থ হবে নাটকটি। স্মৃতি, রূপক আর জীবনের গভীর অনুভূতিকে একসঙ্গে বুনে তৈরি এই নাটক দর্শকদের সামনে তুলে ধরবে ‘বাসাবদল’-এর এক ভিন্ন ও ভাবনাময় ব্যাখ্যা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker