0%

চাকরিতে দুর্নীতির অভিযোগ নেই স্বপ্নার বিরুদ্ধে, ভোটে লড়ার ছাড়পত্র দিল কমিশন

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আগে প্রার্থী নির্বাচনকে ঘিরে উত্তেজনা এবং অনিশ্চয়তা নতুন কিছু নয়। তবে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীকে (Swapna Barman) নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিশেষভাবে নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

নির্বাচনে লড়ার ছাড়পত্র পেল স্বপ্না (Swapna Barman)

জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে স্বপ্না বর্মণের নির্বাচনে অংশগ্রহণে কোনও আইনি বাধা নেই। রবিবার, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের ঠিক আগে নির্বাচন কমিশন এই বিষয়টি স্পষ্ট করে জানায়। প্রাক্তন রেলকর্মী এবং অ্যাথলিট স্বপ্নার প্রার্থী হওয়া নিয়ে এতদিন যে বিতর্ক চলছিল, সেই জল্পনার মাঝেই কমিশনের এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্বপ্নার প্রার্থী হওয়া বিতর্কে কমিশন জানিয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের অনুচ্ছেদ ৯ অনুযায়ী স্বপ্নার ভোটে লড়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা নেই। যদিও রেলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগগুলির মধ্যে রয়েছে— রেলকর্মী হয়েও সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা, কর্মজীবনে সততা ও দায়িত্বপালন নিয়ে প্রশ্ন, এবং রেলকর্মী হিসেবে তাঁর কাজের ধরন।

এই অভিযোগের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ নিয়ম অমান্যের অভিযোগে ব্যবস্থা নিয়েছে। বর্তমানে স্বপ্না আর ওই চাকরিতে যুক্ত নন। তবে জনপ্রতিনিধি আইনে স্পষ্ট বলা আছে, যদি কেউ কর্মক্ষেত্রে দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগে দোষী সাব্যস্ত হন, তাহলে পাঁচ বছর নির্বাচনে লড়ার সুযোগ পান না। স্বপ্নার ক্ষেত্রে এ ধরনের কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর আইনি কোনও বাধা নেই বলেই কমিশন জানিয়েছে।

আরও পড়ুন : হঠাৎ উত্তপ্ত বেহালা! রাতেই তৃণমূল প্রার্থী রত্নার বিরুদ্ধে কমিশনে BJP, যা হল…

তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। কারণ এখনও পর্যন্ত স্বপ্না (Swapna Barman) রেলের কাছ থেকে ছাড়পত্র হাতে পাননি। সূত্রের খবর, সোমবার দুপুরের মধ্যে তিনি এই ছাড়পত্র পেতে পারেন। একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা থাকায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জেলা তৃণমূলের অন্দরে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যেই লক্ষণীয়, স্বপ্নাকে এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে দেখা যায়নি। অন্যদিকে, রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে জানিয়েছে, “স্বপ্না রেলের কাছ থেকে ছাড়পত্র পান বা না পান, তিনিও যেন সোমবার মনোনয়নপত্র জমা দেন।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker