বার বার প্রশ্নফাঁস থেকে শিক্ষা, পরের বছর থেকে অনলাইনে হবে NEET, ঘোষণা শিক্ষামন্ত্রীর

সবদিক নিউজ: প্রশ্নফাঁস আর ‘গেজ পেপার’ বিতর্কে যখন দেশজুড়ে তোলপাড়, তখন নিট (NEET UG) ২০২৬ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, আগামী ২১ জুন দেশজুড়ে পুনরায় নিট পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন যে, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানা সত্ত্বেও কোথাও না কোথাও নিরাপত্তার বজ্রবাঁধনে বড়সড় ত্রুটি ছিল।
সিবিআই তদন্তের নির্দেশ
ধর্মেন্দ্র প্রধান এদিন স্পষ্ট জানান, নিট প্রশ্নফাঁসের নেপথ্যে কাদের হাত রয়েছে, তা খুঁজে বের করতে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা এই ঘটনার দায় স্বীকার করছি এবং ব্যবস্থার আমূল সংস্কার করতে বদ্ধপরিকর। টাকার থলি নিয়ে কেউ কোনো মেধাবী ছাত্রের আসন কেড়ে নিতে পারবে না।”
আগামী বছর থেকে ডিজিটাল নিট
চলতি বছরের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নিট পরীক্ষার পরিকাঠামোয় বড় পরিবর্তনের কথা শুনিয়েছেন মন্ত্রী। তিনি জানান, ২০২৭ সাল থেকে নিট পরীক্ষা আর কলম-কাগজ বা ‘পেন-অ্যান্ড-পেপার’ মোডে হবে না। পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক (Computer Based Test) ফরম্যাটে। প্রশ্নফাঁসের ঝুঁকি কমানো এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুয়াদের জন্য ‘জিরো টলারেন্স’
শিক্ষামন্ত্রী এদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। গত ৩ মে-র পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্যপ্রমাণ পাওয়ার পরেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে যাতে কোনো অযোগ্য প্রার্থী শিক্ষা মাফিয়াদের সাহায্য নিয়ে ডাক্তার হওয়ার সুযোগ না পায়।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা পরীক্ষার জন্য এনটিএ (NTA) শীঘ্রই তাদের নিজস্ব পোর্টালে সংশোধিত অ্যাডমিট কার্ড এবং নির্দেশিকা জারি করবে। শিক্ষামন্ত্রীর এই পদক্ষেপে লাখ লাখ পরীক্ষার্থীর মনে নতুন করে আশার আলো দেখা দিচ্ছে।



