0%

ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে আপাতত ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই মিলছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে ফের ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার কলকাতার আকাশে কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। ফলে গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে।

তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে কয়েকটি জেলায় ঝড়ো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। যদিও মঙ্গল ও বুধবার দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker