রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি, আলজেরিয়াকে হারিয়ে গড়লেন একাধিক নজির

দেশের হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে তিনি ফের একবার বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও বুড়িয়ে যাননি। আলজেরিয়াকে ৩-০ গোলে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন এলএম ১০। পিছনে ফেললেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও।
এই বিষয়ে আরও খবর
১৭ মিনিটে এই দৃষ্টিনন্দন গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে কিছুটা এগিয়ে যান। বক্সে ঢোকার চেষ্টা না করে প্রায় ২৫ গজ দূর থেকেই বাঁ-পায়ের জোরাল শট। গোলরক্ষক লুকার হাতে লাগলেও আটকাতে পারেননি। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি আরও দু’টি গোল করেন দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭০ মিনিটে। ৬০ মিনিটে সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো গোল করে গেলেন এলএম ১০। এই আক্রমণ তৈরিই হয়েছিল মেসির পায়ে। ম্যাক অ্যালিস্টারের জোরাল শট কোনওক্রমে বাঁচান লুকা। ফিরতি বল থেকে গোল করে ব্যবধান বাড়ান মেসি। এর ১০ মিনিট পর বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও করলেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন

তিন গোলে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ১৬। কিলিয়ান এমবাপে, গার্ড মুলার ও রোনাল্ডো নাজারিওকে পিছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন মেসি। এর ফলে মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন। সব মিলিয়ে ১১টা আন্তর্জাতিক হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। এগারো হ্যাটট্রিকের মধ্যে রয়েছে ২০১২ সালে ৯ জুন ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে করা হ্যাটট্রিকও।
এখানেই শেষ নয়। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করলেন মেসি। এর আগে এই রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন সিআর ৭। আলজেরিয়া ম্যাচে পর্তুগিজ মহাতারকার আরেকটি রেকর্ডও স্পর্শ করেছেন মেসি। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিতে এখন দু’জনই সমান। মেসি গোল করেছেন ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। শুধু ২০১০ বিশ্বকাপেই তাঁর নামের পাশে গোল ছিল না। এছাড়া ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপের সবচেয়ে বয়সি গোলদাতাদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মেসি। তাঁর আগে রয়েছেন রজার মিল্লা ও পেপে।

২০০৬ সালের ১৬ জুন, মাত্র ১৮ বছর ৩৫৮ দিন বয়সে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেছিলেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি গোলদাতাও তিনি। ঠিক ২০ বছর পর, একই দিনে তিনি আবার ইতিহাস গড়লেন। প্রথম গোল করার পর ধরা পড়ে আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনা অধিনায়কের চোখে জল দেখা যায়। তৃতীয় গোলের পরই তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ। মেসিকে নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাননি স্কালোনি। এরপর আর্জেন্টিনার জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২২ জুন, প্রতিপক্ষ অস্ট্রিয়া। সোমবারও নজর থাকবে মেসির দিকে।
এই বিষয়ে আরও খবর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
শেয়ার
লিংক



