আর কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার বিজেপি সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প (Government Scheme) অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আনুষ্ঠানিক সূচনা হল। নেতাজি ইনডোরে আয়োজিত অনুষ্ঠান থেকে এদিন বেশ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফায় কতজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, আর কতদিন অন্নপূর্ণা যোজনার আবেদন চলবে, সব জানিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনার আবেদন আর কতদিন চলবে? | (Annapurna Yojana)
এদিন দুপুর থেকে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী আগস্ট মাস পর্যন্ত এই সরকারি প্রকল্পে আবেদন জানানো যাবে।
আরও পড়ুনঃ চালু হয়ে গেল শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টাল! ট্রান্সফারের আবেদনের নিয়ম জানুন
শুভেন্দু বলেন, “৩ জুন বলেছিলাম, মাসে একদিন টাকা ট্রান্সফার করব। তবে এই রকম বড় অনুষ্ঠান হবে না। মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যেহেতু আবেদন, ভেরিফিকেশন ও পোর্টালে আপলোড চলছে, সেই কারণে পুরো জুন মাস সময় দিয়েছি। জুলাই মাস সময় আছে। আগস্ট মাসেও সময় পাবেন। একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই কাজ করছি”।
মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় প্রায় ২৭ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিল সরকার। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করা হয়েছে। তবে এর মধ্যে থেকে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারী।
শুভেন্দু জানিয়েছেন, ক্রাইটেরিয়া পূরণ না হওয়ার কারণে প্রায় ২৬ লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, “এখন ১টা বাজছে। এখনই ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। রাত ১২টার মধ্যে বাকিদের টাকাও চলে যাবে”।
এই ঘোষণাগুলির পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এদিন জানিয়েছেন, শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হতে চলেছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের তরফ থেকে এটি চালু করা হবে। এখানে এই সরকারি প্রকল্পের যাবতীয় তথ্য পাওয়া যাবে।



