0%

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: পূর্বাভাস মেনেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের পূর্বাভাস, সোমবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, যদিও আপাতত ভারী বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের পাশাপাশি একটি অক্ষরেখার প্রভাবেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে।

– বিজ্ঞাপন –

শনিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় উল্লেখযোগ্য গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। একই দিনে কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা বজায় থাকবে। আগামী মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়া চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker