0%

সিকিমে সুড়ঙ্গ ধসে বাংলার শ্রমিকদের মৃত্যুমিছিল! তড়িঘড়ি দুই বিধায়ককে পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

AK Bangla Desk: সিকিমের নামচি জেলার সামারদুং এলাকায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে ভয়াবহ দৃশ্য। সোমবারের মর্মান্তিক বিপর্যয়ের পর সুড়ঙ্গের ভিতর থেকে আরও একাধিক শ্রমিকের মৃতদেহ উদ্ধারের খবর মিলতেই মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২০ ছুঁয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, সুড়ঙ্গের ভিতরে মারাত্মক মিথেন গ্যাস লিক করার কারণেই এই বিধ্বংসী বিস্ফোরণ ঘটেছিল এবং মুহূর্তের মধ্যে ধস নেমে প্রবেশপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর থেকেই সুড়ঙ্গ জুড়ে বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে থাকায় উদ্ধারকাজ চালাতে চরম বিপাকে পড়েছেন এনডিআরএফ (NDRF) সদস্যরা। তীব্র জল, কাদা ও বিষাক্ত বাতাসের কারণে অক্সিজেন মাস্ক ছাড়া ভিতরে ঢোকা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি উদ্ধারকাজে নেমে গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন উদ্ধারকারী অসুস্থও হয়ে পড়েছেন, যাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কাদার নিচে এখনও বেশ কয়েকজন শ্রমিকের দেহ আটকে রয়েছে, যাদের বের করে আনার জোর তৎপরতা চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্তত ১১ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা, যার মধ্যে ৯ জনই মালবাজার এলাকার। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, পরিস্থিতির তদারকি করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা ও কালচিনির বিধায়ক বিশাল লামাকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গেও সরাসরি কথা বলেছেন। রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু খোঁচা দিয়ে বলেন, “আগে তো রাজ্য সরকারের প্লেন শুধু একজন ‘সম্রাজ্ঞী’ ব্যবহার করতেন। আমরা প্রয়োজনে উদ্ধারকাজের জন্য সিকিমে সরকারি বিমান পাঠাব বলে জানিয়েছি।”

ইতিমধ্যেই সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় ফান্ডের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। আটকে থাকা বাকি শ্রমিকদের জীবন বাঁচাতে এই মুহূর্তে জীবন বাজি রেখে লড়াই চালাচ্ছেন উদ্ধারকারীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker