0%

কোথায় ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল? ১৫ ঘণ্টার তল্লাশি শেষে রাজপ্রাসাদ সিল করল পুলিশ

AK Bangla Desk: বীরভূমের বালি ও পাথর ব্যবসার অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা, ‘বেতাজ বাদশা’ হিসেবে পরিচিত টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিন এখন কোথায়? ভগ্নিপতি মিনার মণ্ডলের গ্রেফতারের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আইনি চাপ এড়াতে সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন তিনি। তবে তিনি আদৌ দেশ ছেড়েছেন নাকি দেশের ভেতরেই কোনও গোপন আস্তানায় লুকিয়ে আছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে বৃহস্পতিবার দুপুরে বীরভূমের সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে হানা দেয় জেলা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল। ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, ডিএসপি (সদর) সৌরভ ভট্টাচার্য এবং সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়সহ শীর্ষ আধিকারিকদের নেতৃত্বে এই তল্লাশি অভিযান শুরু হয়। টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে পুরো বাড়ি জুড়ে তন্ন তন্ন করে তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, এই অভিযান চলাকালীন বাড়ি থেকে নগদ ৮ লক্ষ টাকা এবং প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি পর্ব শেষে মধ্যরাতে রাজপ্রাসাদ-সম পুরো বাড়িটি সিল করে দেন তদন্তকারীরা। সেখান থেকে বের করে দেওয়া হয় বাড়ির পরিচারিকা, নিরাপত্তাকর্মী এমনকী টুলু মণ্ডলের প্রিয় পোষ্য সারমেয় লিলিকেও।

অভিযান চালাতে গিয়ে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর চারতলা রাজপ্রাসাদ দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয় পুলিশ আধিকারিকদের। বাইরে থেকে বিশালাকার দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখ জুড়িয়ে যায় বাহারি ও বিদেশি গাছে সাজানো বিশাল লনে। চারতলা ওই অট্টালিকার ভেতরে যাতায়াতের জন্য রয়েছে অত্যাধুনিক লিফট। শরীরচর্চার জন্য সাজানো রয়েছে দামি যন্ত্রপাতি সমৃদ্ধ জিম, অবসর যাপনের জন্য রয়েছে একটি সম্পূর্ণ নিজস্ব মিনি থিয়েটার হাউস ও সুইমিং পুল। দামি মার্বেল পাথর, বাহারি আলো আর বিলাসবহুল জানলা-দরজায় মোড়া এই বাড়ি যেকোনো ফাইভ স্টার রিসোর্টকেও হার মানায়।

টুলুর দুটি গ্যারেজে রাখা ছিল দামি বিলাসবহুল গাড়ি। সিউড়ির সুভাষপল্লির এই প্রাসাদ ছাড়াও সোঁৎশালে তাঁর পৈতৃক বাড়ি এবং মহম্মদবাজারে একটি বিশাল লরি ও ট্রাক পার্কিং রয়েছে বলে জানা গেছে। ভগ্নিপতি মিনারের বেআইনি টাকার উৎস খুঁজতে গিয়েই টুলুর এই সম্পত্তির বিপুল নেটওয়ার্কের মুখোমুখি হন তদন্তকারীরা। বর্তমানে নিখোঁজ টুলুর সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker